রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার মাছবাজারে ২৩ কেজি ওজনের একটি কাতল মাছ বিক্রি হয়েছে ৫৭ হাজার ৫০০ টাকায়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে মাছটি ঢাকার গুলশান এলাকায় সরবরাহ করা হয়।
এর আগে বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে লুৎফর জেলের চাপ জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়া মাছবাজারের রেজাউল মন্ডলের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি তোলা হয়। সেখানে প্রতি কেজি ২ হাজার ৪০০ টাকা দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৩ কেজি ওজনের কাতল মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় কেনেন তিনি। পরে দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ২ হাজার ৫০০ টাকা দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করেন।
তিনি আরো জানান, পদ্মা নদীর মাছ অত্যন্ত সুস্বাদু হওয়ায় এসব মাছ দ্রুত বিক্রি হয়ে যায়। তাঁর কাছে ছোট-বড় সব ধরনের মাছ পাওয়া যায়।
এসি/আপ্র/১২/১১/২০২৬