গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মেনু

নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়

লাইফস্টাইল ডেস্ক

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশিত: ১৩:২৬ পিএম, ১২ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৪:২৫ এএম ২০২৬
নবদম্পতিদের মধ্যে যেসব ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের পর প্রথম বছরটি যে শুধু রোমান্স আর মধুর সময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা নয়। নতুন সংসারে একসঙ্গে থাকতে গিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে নানা ছোটখাটো বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেয়। যাকে ভালোবাসেন, তাঁর টুথপেস্টের টিউব মাঝখান থেকে চেপে ধরা, ভেজা তোয়ালে বিছানায় ফেলে রাখা কিংবা গভীর রাতে গল্প শুরু করার অভ্যাসও একসময় বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।

এতদিন আলাদা পরিবেশে জীবন কাটানোর পর একই বাড়ি, রান্নাঘর, ফ্রিজ ও টেলিভিশনের রিমোট ভাগাভাগি করতে গিয়ে এসব সমস্যা তৈরি হয়। তবে এ ধরনের ঝগড়ার অর্থ এই নয় যে সম্পর্কে বড় কোনো সমস্যা রয়েছে। বরং নতুন জীবনে একে অপরের অভ্যাসের সঙ্গে মানিয়ে নেওয়ার স্বাভাবিক প্রক্রিয়ার অংশ এগুলো। সময়ের সঙ্গে অনেক দম্পতিই এসব ঘটনা মনে করে হাসাহাসি করেন।

বাসনপত্র ধোয়া নিয়ে বিরোধ

অনেক সময় রান্নাঘরের সিঙ্কে একটি প্লেট ফেলে রাখা থেকেই ঝগড়ার সূত্রপাত হয়। একজন মনে করেন, রাতের খাবারের পরপরই বাসনপত্র ধুয়ে পরিষ্কার করা উচিত। অন্যজনের কাছে সেগুলো পরদিন সকাল পর্যন্ত ফেলে রাখলেও সমস্যা নেই। বিয়ের শুরুর দিকে ঘরের কাজের দায়িত্ব স্পষ্টভাবে ভাগ করা না থাকায় এমন মতবিরোধ দেখা দেয়।

অনেকেই প্রত্যাশা করেন, কী কাজ করতে হবে, তা সঙ্গী নিজে থেকেই বুঝে নেবেন। ফলে একজনের কাজের প্রতি অন্যজনের অবহেলার অনুভূতি তৈরি হতে পারে। এ ক্ষেত্রে মনে মনে অভিযোগ জমিয়ে না রেখে আলোচনা করে ঘরের কাজ ভাগ করে নেওয়া ভালো। এতে রান্নাঘর নিয়ে অপ্রয়োজনীয় বিরোধ অনেকটাই কমে যায়।

রাতের খাবারে কী খাওয়া হবে

‘কী খেতে চাও?’ প্রশ্নের উত্তরে ‘যেকোনো কিছু’ বলার পর পছন্দের খাবারের প্রস্তাব প্রত্যাখ্যান করা নবদম্পতিদের পরিচিত অভিজ্ঞতা। খাবারের পছন্দ ও পারিবারিক অভ্যাসে পার্থক্য থাকায় এ নিয়ে প্রায়ই মতবিরোধ তৈরি হয়।

হয়তো একজন ঝালযুক্ত ঘরোয়া খাবার পছন্দ করেন, অন্যজন হালকা খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার একজন বাইরে থেকে খাবার কিনে খেতে চান, অন্যজন পছন্দ করেন বাড়িতে রান্না করা খাবার। এর সঙ্গে কে রান্না করবেন, কে বাজার করবেন এবং সপ্তাহের খাবারের তালিকা কে ঠিক করবেন, তা নিয়েও বিরোধ দেখা দিতে পারে।

এ সমস্যা এড়াতে দুজনের পছন্দ বিবেচনায় নিয়ে একসঙ্গে খাবারের পরিকল্পনা করা যেতে পারে। এতে দৈনন্দিন জীবনের চাপ ও অপ্রয়োজনীয় ঝগড়া কমবে।

ঘুমানোর সময় ও অভ্যাস

একই বিছানায় অন্য একজনের সঙ্গে ঘুমানোর অভ্যাস গড়ে তোলা অনেকের জন্য সহজ হয় না। একজন হয়তো অন্ধকার ও ঠান্ডা ঘরে ঘুমাতে পছন্দ করেন, অন্যজনের প্রয়োজন মৃদু আলো ও ফ্যান চালু রাখা। কেউ ঘুমানোর আগে ফোন ব্যবহার করেন, আবার কারও কাছে ফোনের সামান্য আলোও বিরক্তিকর।

এর সঙ্গে নাক ডাকা, কম্বল টেনে নেওয়া কিংবা ঘুম থেকে ওঠার সময়ের পার্থক্য যুক্ত হলে সমস্যা আরও বাড়তে পারে।

তবে পারস্পরিক সমঝোতার মাধ্যমে এসব সমস্যার সমাধান সম্ভব। প্রয়োজনে আলাদা কম্বল ব্যবহার, চোখে ঘুমের মাস্ক পরা কিংবা ঘুমানোর আগে ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করা যেতে পারে। এতে দুজনের ঘুম ও মানসিক স্বস্তি বজায় থাকবে।

ঘরের তাপমাত্রা নিয়ে মতবিরোধ

একই ঘরের তাপমাত্রা একজনের কাছে আরামদায়ক হলেও অন্যজনের কাছে অসহনীয় হতে পারে। বিশেষ করে গরমের দিনে একজন শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কম রাখতে চান, অন্যজন আবার ঠান্ডায় কষ্ট পান। ফলে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণের রিমোটটি অনেক সময় ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়।

একজন ঘর থেকে বের হলেই অন্যজন গোপনে তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে দেন—এমন ঘটনাও ঘটে। এ সমস্যা সমাধানে দুজনের জন্য সহনীয় তাপমাত্রা নির্ধারণ করা যেতে পারে। প্রয়োজনে হালকা পোশাকের পাশাপাশি বাড়তি কম্বল ব্যবহার করেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া সম্ভব।

অগোছালো অভ্যাস ও জিনিসপত্রের জায়গা

বিছানায় ভেজা তোয়ালে ফেলে রাখা, চেয়ারের ওপর কাপড় জমিয়ে রাখা, ঘরের মাঝখানে জুতা রাখা কিংবা আলমারি গোছানোর ভিন্ন পদ্ধতি—এসব অভ্যাস নিয়েও নবদম্পতিদের মধ্যে বিরোধ দেখা দেয়।

একজনের কাছে যে অভ্যাস স্বাভাবিক, অন্যজনের কাছে সেটিই বিরক্তির কারণ হতে পারে। প্রতিদিন একই ঘটনা ঘটতে থাকলে ছোটখাটো বিষয়ও বড় সমস্যায় রূপ নেয়।

এ ক্ষেত্রে সঙ্গীকে নিজের পছন্দমতো বদলে দেওয়ার চেষ্টা না করে সংসারের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি করা ভালো। যেমন জুতা রাখার নির্দিষ্ট জায়গা নির্ধারণ, ময়লা কাপড় রাখার ঝুড়ি ব্যবহার এবং প্রয়োজনীয় জিনিস নির্দিষ্ট স্থানে রাখা। পাশাপাশি যেসব বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, সেগুলো এড়িয়ে চলার মানসিকতাও গড়ে তোলা প্রয়োজন।

মুঠোফোন, পর্দা ও রিমোট নিয়ে ঝগড়া

নতুন সংসারে একসঙ্গে সময় কাটানোর পরিবর্তে সঙ্গীর সারাক্ষণ মুঠোফোনে ব্যস্ত থাকা বিরক্তির কারণ হতে পারে। খাবার টেবিলে ফোন ব্যবহার, বার্তার উত্তর দিতে দেরি করা কিংবা টেলিভিশনে কী দেখা হবে, তা নিয়েও প্রায়ই মতবিরোধ তৈরি হয়।

একজন হয়তো সন্ধ্যায় দুজন মিলে সময় কাটাতে চান, অন্যজন ব্যস্ত থাকেন নিজের পছন্দের অনুষ্ঠান দেখা কিংবা মুঠোফোন ব্যবহারে। রিমোট নিয়ে টানাটানি আপাতদৃষ্টিতে হাস্যকর মনে হলেও এর পেছনে সঙ্গীর মনোযোগ ও গুরুত্ব পাওয়ার আকাঙ্ক্ষা কাজ করতে পারে।

এ ধরনের সমস্যা কমাতে প্রতিদিন অন্তত আধা ঘণ্টা মুঠোফোন ও অন্যান্য পর্দা থেকে দূরে থেকে দুজনের একান্ত সময় কাটানো যেতে পারে। এতে পারস্পরিক যোগাযোগ বাড়বে এবং দাম্পত্য সম্পর্কে আন্তরিকতা ও উষ্ণতা বজায় থাকবে।

এসি/আপ্র/১২/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

কোলেস্টেরল কমাতে কাঠবাদাম নাকি চিনাবাদাম, কোনটি উপকারী!
১২ নভেম্বর ২০২৬

কোলেস্টেরল কমাতে কাঠবাদাম নাকি চিনাবাদাম, কোনটি উপকারী!

হৃদযন্ত্র সুস্থ রাখতে খাদ্যতালিকায় কাঠবাদাম ও চিনাবাদাম—দুটিই রাখতে পারেন। উভয় ধরনের বাদাম রক্তে ক্ষ...

মাংস ছাড়াই তৈরি করুন সুস্বাদু ছোলার বিরিয়ানি
১১ নভেম্বর ২০২৬

মাংস ছাড়াই তৈরি করুন সুস্বাদু ছোলার বিরিয়ানি

বিরিয়ানি খেতে ভালোবাসেন না, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। মুরগি, খাসি কিংবা গরুর মাংসের বিরিয়ানি তো প্...

গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে পাঁচ মসলা
১১ নভেম্বর ২০২৬

গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে স্বস্তি দিতে পারে পাঁচ মসলা

পেটের সমস্যা যেন নিত্যদিনের সঙ্গী! কখনো গ্যাস, কখনো অম্বল, আবার কখনো বদহজম কিংবা কোষ্ঠকাঠিন্য। সামান...

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, একা থাকার আনন্দ উদ্‌যাপন
১১ নভেম্বর ২০২৬

আজ আন্তর্জাতিক সিঙ্গেল দিবস, একা থাকার আনন্দ উদ্‌যাপন

আজ ১১ নভেম্বর, আন্তর্জাতিক সিঙ্গেল দিবস। বিশ্বজুড়ে অবিবাহিত ও একা থাকা মানুষেরা দিনটি উদ্‌যাপন করেন।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 ঘন্টা আগে