পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকার কনসার্টে ভেন্যু পরিবর্তন, শর্তভঙ্গ ও অব্যবস্থাপনার অভিযোগে আয়োজক প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’কে কালো তালিকাভুক্ত করাসহ কঠোর আইনি ব্যবস্থা নিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৬ জুলাই সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান। তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার রাজধানীর ভাটারা এলাকার মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে ‘মেইন স্টেজ ফিচারিং আতিফ আসলাম’ শিরোনামে কনসার্টের আয়োজন করে ‘মেইন স্টেজ’ নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। তবে কনসার্ট আয়োজনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নেয় তাদের সহযোগী প্রতিষ্ঠান ‘ইভেন্ট সাজাই’।
অনুষ্ঠানটি মূলত পূর্বাচল এক্সপ্রেসওয়ের ৩০০ ফুট এলাকায় অবস্থিত ‘ক্রিকেটার্স একাডেমি’তে হওয়ার কথা ছিল। কিন্তু কনসার্টের আগের দিন সংবাদ সম্মেলনে মেইন স্টেজের প্রধান নির্বাহী কাজী রাফসান জানান, বৃষ্টির কারণে আগের ভেন্যুতে মঞ্চ প্রস্তুত করা সম্ভব হয়নি। তাই অনুষ্ঠানস্থল পরিবর্তন করে কোর্টসাইডে নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, অনুমতিপত্রে নির্ধারিত ভেন্যু পরিবর্তনের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমোদন নেওয়া হয়নি, যা অনুমতির শর্তের স্পষ্ট লঙ্ঘন। এ কারণে অনুষ্ঠানস্থলে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দেয়। দর্শকদের মধ্যেও তীব্র অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ভেন্যুর শর্ত না মানা এবং অব্যবস্থাপনার কারণে অনুষ্ঠানে অংশ নিতে আসা বিদেশি শিল্পী ও কলাকুশলীরা নিরাপত্তা হুমকির মুখে পড়েন। একই সঙ্গে ন্যূনতম সুবিধার ঘাটতি ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার অভিযোগে দর্শকরা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমেও নেতিবাচক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
এ পরিস্থিতিতে ‘ইভেন্ট সাজাই’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত করে তাদের কালো তালিকাভুক্ত করা এবং প্রয়োজনীয় কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। চিঠির অনুলিপি বাংলাদেশ নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর, পুলিশের বিশেষ শাখা এবং ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে মেইন স্টেজের প্রধান নির্বাহী কাজী রাফসান ও প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী নিশা সালামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে আয়োজকদের একজন ড্যানিয়েল গ্লিটজ বলেন, ‘ইভেন্ট সাজাই মেইন স্টেজেরই একটি প্রতিষ্ঠান। এই কনসার্টে আমরা কৌশলগত অংশীদার হিসেবে ছিলাম। পুরো আয়োজন মেইন স্টেজ পরিচালনা করেছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এসব প্রশাসনিক বিষয় আমাদের দায়িত্বের মধ্যে ছিল না।’
ইভেন্ট সাজাইকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে অবগত নই। বিষয়টি মেইন স্টেজের পক্ষ থেকেই পরিষ্কার করা সম্ভব হবে।’
সানা/আপ্র/২৮/৭/২০২৬