মানুষের জীবনে একাকিত্ব নতুন কিছু নয়। ব্যস্ত শহরে চারপাশে অসংখ্য মানুষ থাকলেও মনের কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে অনেকের। কেউ চান এমন একজন সঙ্গী, যিনি মন দিয়ে কথা শুনবেন, আবেগ বুঝতে চেষ্টা করবেন, বিরক্ত হবেন না কিংবা সম্পর্কের বিশ্বাস ভাঙবেন না। মানুষের এই চাহিদাকে সামনে রেখেই ব্যক্তিগত সঙ্গী হিসেবে বাজারে আসছে মানুষের মতো দেখতে মানবসদৃশ রোবট।
চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিক্সের তৈরি ইউ১ রোবট সেই ভবিষ্যতেরই একটি উদাহরণ। এর বিশেষত্ব শুধু মানুষের মতো অবয়ব নয়, এর সঙ্গে যুক্ত করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন ও আবেগ শনাক্ত করার প্রযুক্তি। নির্মাতা প্রতিষ্ঠানের দাবি, এটি মানুষের মুখভঙ্গি ও কথাবার্তার ধরন বিশ্লেষণ করে ২০টির বেশি আবেগের অবস্থা বুঝতে পারে। আগের কথোপকথনের তথ্য মনে রাখার ব্যবস্থাও রয়েছে। ফলে প্রতিবার নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন নাও হতে পারে।
রোবটটির নারী ও পুরুষ—দুই ধরনের সংস্করণ রয়েছে। পুরুষ সংস্করণটির উচ্চতা ১৮৩ সেন্টিমিটার এবং নারী সংস্করণটির উচ্চতা ১৬৮ সেন্টিমিটার। শরীরে ব্যবহার করা হয়েছে মানুষের ত্বকের মতো দেখতে সিলিকন আবরণ। ফলে দূর থেকে দেখলে অনেকটা মানুষের মতো মনে হতে পারে। পুরুষ রোবটটির অবয়ব বেশ সুদর্শন। অন্যদিকে নারী রোবটটিও দেখতে আকর্ষণীয়।
ইউ১-এর লাইট, প্রো ও আল্ট্রা—এই তিনটি সংস্করণ বাজারে আনার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। দাম শুরু ১ লাখ ১৯ হাজার ৮০০ ইউয়ান থেকে। সর্বোচ্চ সংস্করণের দাম ৯ লাখ ৯০ হাজার ইউয়ান। অর্থাৎ এটি সাধারণ পরিবারের নাগালের পণ্য নয়।
একাকী মানুষের সঙ্গী হতে পারে?
বয়স্ক মানুষ, একা বসবাসকারী ব্যক্তি কিংবা যাদের সামাজিক যোগাযোগ সীমিত, তাঁদের জন্য এ ধরনের রোবট ভবিষ্যতে সহায়ক হতে পারে। গল্প করা, দৈনন্দিন কাজের কথা মনে করিয়ে দেওয়া, প্রশ্নের উত্তর দেওয়া কিংবা অবসরে কথোপকথনের মাধ্যমে সময় কাটানোর সঙ্গী হতে পারে এটি। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়তা এবং শিক্ষাক্ষেত্রেও এমন প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা রয়েছে।
তবে রোবটের সঙ্গে কথা বলা আর মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠা এক বিষয় নয়। রোবট মানুষের আবেগ অনুকরণ করতে পারে, কিন্তু মানুষের মতো অনুভব করে—এমন কোনো প্রমাণ নেই। ফলে একাকিত্ব কমাতে এটি সহায়ক হলেও মানবিক সম্পর্কের বিকল্প হয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
সম্পর্কের নিরাপত্তা, নাকি নতুন ঝুঁকি?
মানুষের মতো দেখতে রোবটকে ব্যক্তিগত সঙ্গী হিসেবে ব্যবহারের ক্ষেত্রে গোপনীয়তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। কথোপকথনের সময় ব্যবহারকারীর ব্যক্তিগত পছন্দ, অভ্যাস, পারিবারিক সমস্যা কিংবা দৈনন্দিন জীবনের নানা তথ্য রোবটের কাছে জমা হতে পারে। এসব তথ্য কোথায় সংরক্ষণ করা হচ্ছে, কারা ব্যবহার করতে পারছে এবং সেগুলো কতটা নিরাপদ, তা জানা জরুরি।
রোবট ‘প্রতারণা করবে না’—এমন ধারণা থেকেও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। রোবটের মানুষের মতো নিজস্ব উদ্দেশ্য বা সম্পর্কের দায়বদ্ধতা নেই। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভুল তথ্য দিতে পারে, ব্যবহারকারীর কথা ভুল বুঝতে পারে, এমনকি প্রযুক্তিগত ত্রুটিও দেখা দিতে পারে।
ইউ১-এর মতো মানবসদৃশ রোবট মানুষের জীবনে নতুন ধরনের সঙ্গী হওয়ার সম্ভাবনা তৈরি করছে। বিশেষ করে একা থাকা মানুষ বা বয়স্কদের দৈনন্দিন জীবনে এটি সহায়ক হতে পারে। কিন্তু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আন্তরিকতার জায়গা কি কোনো যন্ত্র নিতে পারবে? প্রযুক্তি যতই উন্নত হোক, সেই প্রশ্নের উত্তর এখনো মানুষের কাছেই।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট
এসি/আপ্র/১০/১১/২০২৬