গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

মেনু

মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৬ পিএম, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৮ এএম ২০২৬
মঙ্গলের ভূগর্ভে আগ্নেয়গিরির সক্রিয়তার নতুন ইঙ্গিত
ছবি

মঙ্গলের ভেতর তৈরি হওয়া গ্যাস নিচ থেকে ধীরে ধীরে পৃষ্ঠদেশের দিকে বেরিয়ে আসছে -ছবি রয়টার্স

মঙ্গল গ্রহের ভূগর্ভে এখনো আগ্নেয়গিরির কার্যক্রম সক্রিয় থাকতে পারে। গ্রহটির তলদেশ থেকে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নির্গমনের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের ধারণা, ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা থেকে তৈরি হওয়া এই গ্যাস ধীরে ধীরে ফাটল দিয়ে মঙ্গলের পৃষ্ঠে উঠে আসছে। এ আবিষ্কার লাল গ্রহটির অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক কার্যক্রম সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে।

নতুন এক গবেষণায় বলা হয়েছে, মঙ্গলের ভূগর্ভে এখনো পর্যাপ্ত তাপ রয়েছে, যা সাম্প্রতিক অতীতে আগ্নেয়গিরির কার্যক্রম সচল রেখেছিল এবং এখনো তা বজায় রাখতে পারে। গ্রহটির পৃষ্ঠে সম্প্রতি শনাক্ত হওয়া কিছু ফাটল দিয়ে গ্যাস বেরিয়ে আসার ঘটনাও এ ধারণাকে সমর্থন করছে।

এর আগে ২০২১ সালে ইউরোপীয় মহাকাশ সংস্থার পাঠানো ‘এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার’ মঙ্গলের বায়ুমণ্ডলে প্রথম হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের উপস্থিতি শনাক্ত করে। পৃথিবীতে আগ্নেয়গিরির ম্যাগমা থেকে নির্গত গ্যাসের মধ্যে হাইড্রোজেন ক্লোরাইডও থাকে। তাই মঙ্গলে এ গ্যাসের উপস্থিতি শনাক্ত হওয়ার পর থেকেই বিজ্ঞানীরা ধারণা করছিলেন, সেখানে একই ধরনের ভূতাত্ত্বিক প্রক্রিয়া কাজ করতে পারে।

বিজ্ঞানীদের মতে, মঙ্গলের ভূগর্ভে থাকা ম্যাগমা থেকে গ্যাস নির্গত হয়ে ফাটলের মধ্য দিয়ে পৃষ্ঠের দিকে উঠে আসতে পারে। এ প্রক্রিয়াকে গ্রহটির অভ্যন্তরীণ আগ্নেয় কার্যক্রমের সম্ভাব্য লক্ষণ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গল গ্রহে আগ্নেয়গিরির অস্তিত্ব নিয়ে বিজ্ঞানীদের আগ্রহ দীর্ঘদিনের। সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরিগুলোর অবস্থানও এই গ্রহে। তবে সেগুলো বর্তমানে কতটা সক্রিয়, তা এখনো নিশ্চিত নয়। এর আগে মঙ্গলের পৃষ্ঠে স্থাপিত বিভিন্ন যন্ত্রে পৃথিবীর ভূমিকম্পের মতো কম্পন বা ‘মঙ্গলকম্প’ শনাক্ত হয়েছে, যা গ্রহটির অভ্যন্তরীণ ভূতাত্ত্বিক কার্যক্রমের প্রমাণ দেয়।

তবে এখন পর্যন্ত মঙ্গলের পৃষ্ঠে সরাসরি লাভা প্রবাহ কিংবা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেখা যায়নি। নতুন গবেষণার ফলাফল থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, আগ্নেয় কার্যক্রমের কিছু প্রক্রিয়া হয়তো পৃষ্ঠের গভীরেই ঘটছে। ভূগর্ভের ম্যাগমা প্রকোষ্ঠ থেকে গ্যাস বেরিয়ে আসার এ ঘটনাকে তারা অভ্যন্তরীণ আগ্নেয় গ্যাস নিঃসরণের সম্ভাব্য প্রক্রিয়া হিসেবে দেখছেন।

গবেষকদের মতে, মঙ্গলে অতীতে এ ধরনের ভূতাত্ত্বিক সক্রিয়তা থেকে থাকলে তা প্রাণের বিকাশের অনুকূল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখতে পারে। ভূত্বক ভেদ করে বেরিয়ে আসা উত্তপ্ত লাভা ভূগর্ভস্থ পানির সংস্পর্শে এলে ছোট ছোট উষ্ণ পরিবেশ বা হাইড্রোথার্মাল অঞ্চল তৈরি হতে পারে। পৃথিবীতে এ ধরনের পরিবেশে অণুজীবের অস্তিত্ব রয়েছে। মঙ্গলেও অতীতে এমন পরিবেশ অণুজীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উপাদান ও শক্তি জুগিয়ে থাকতে পারে।

পোলিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের মহাকাশ গবেষণা কেন্দ্রের অধ্যাপক এবং গবেষণাটির যৌথ প্রধান লেখক ড্যানিয়েল মেজ বলেন, আলবা মনস অঞ্চলে গ্যাস নির্গত হওয়া ফাটলগুলোতে মঙ্গলে প্রাণের সন্ধান চালানো যুক্তিসংগত। সেখানে কোনো হাইড্রোথার্মাল বা ভূ-উষ্ণ প্রক্রিয়া সক্রিয় থাকলে তা অণুজীবের বেঁচে থাকা ও ছড়িয়ে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান এবং শক্তি সরবরাহ করতে পারে। একই সঙ্গে পৃষ্ঠের বৈরী ও পরিবর্তনশীল পরিবেশ থেকেও অণুজীবগুলোকে সুরক্ষা দিতে পারে।

‘এনিগম্যাটিক এইচসিএল ডিটেকশনস অ্যাজ এ পটেনশিয়াল সিগনেচার অব ইগনিয়াস অ্যাক্টিভিটি অন মার্স’ শিরোনামে গবেষণাটি বিজ্ঞানবিষয়ক সাময়িকী ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ প্রকাশিত হয়েছে।
সানা/আপ্র/৭/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

এআইয়ে সম্ভাবনার পাশাপাশি কর্মসংস্থান ও সাইবার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা
০৬ নভেম্বর ২০২৬

এআইয়ে সম্ভাবনার পাশাপাশি কর্মসংস্থান ও সাইবার ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

অনলাইন কেনাকাটায় যেসকল সতর্কতা জরুরি
০১ নভেম্বর ২০২৬

অনলাইন কেনাকাটায় যেসকল সতর্কতা জরুরি

অনলাইনে একটি পণ্য পছন্দ হলো। দাম পরিশোধ করে অর্ডারও নিশ্চিত করলেন। কয়েক দিন পর বিক্রেতার পেজে গিয়ে দ...

প্রতি ২৬ সেকেন্ডে পৃথিবীর স্পন্দন, রহস্যের সমাধান নেই
৩১ অক্টোবর ২০২৬

প্রতি ২৬ সেকেন্ডে পৃথিবীর স্পন্দন, রহস্যের সমাধান নেই

পৃথিবীতে প্রতি ২৬ সেকেন্ড পরপর সৃষ্টি হয় মৃদু এক ধরনের ভূকম্পন। প্রায় ছয় দশক ধরে বিজ্ঞানীরা এ নিয়ে গ...

২০ মিনিটে বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা
৩০ অক্টোবর ২০২৬

২০ মিনিটে বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলায় প্রায় ৬৩০ কোটি ড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 18 ঘন্টা আগে