গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

২০ মিনিটে বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২২:০৬ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:১৯ এএম ২০২৬
২০ মিনিটে বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা
ছবি

২০ মিনিটে বাইন্যান্সে ৬৩০ কোটি ডলারের সাইবার হামলা

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্সে ভয়াবহ সাইবার হামলায় প্রায় ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ আক্রান্ত হয়েছে। ব্লকচেইন লেনদেন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, হামলার মূল অংশটি ঘটেছে মাত্র ২০ মিনিটের মধ্যে। ক্রিপ্টোকারেন্সির ইতিহাসে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় চুরির ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে বাইন্যান্সের ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত সম্পদের পরিমাণ প্রায় ৬৩০ কোটি ডলার হলেও ঠিক কতটা অর্থ চুরি হয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের সম্পদ সুরক্ষিত রয়েছে এবং ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ক্ষতি পূরণ করা হবে।

বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই হামলায় বাইন্যান্সের লেনদেন পরিচালনার কাজে ব্যবহৃত একাধিক ডিজিটাল ওয়ালেট থেকে বিপুল পরিমাণ বিটকয়েন, ইথার ও বিভিন্ন ধরনের স্টেবলকয়েন সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের তথ্য অনুযায়ী, হামলাকারীরা বাইন্যান্সের অন্তত ১০টি ব্লকচেইনে থাকা ওয়ালেট থেকে প্রায় ৬৩৬ কোটি ডলারের সম্পদ সরিয়ে নেয়। এর বড় অংশই স্থানান্তর করা হয় প্রায় ২০ মিনিটে।্#ী২০;

বাইন্যান্সের প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছিল, প্রতিষ্ঠানের এক প্রকৌশলীর ল্যাপটপ হ্যাক করে হামলাকারীরা অভ্যন্তরীণ ব্যবস্থায় প্রবেশ করে। পরে প্রতিষ্ঠানটি জানায়, তদন্তে নিরাপত্তাব্যবস্থার আরো কয়েকটি দুর্বলতা পাওয়া গেছে। তবে সেগুলো সম্পর্কে বিস্তারিত প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বাইন্যান্সের প্রাথমিক ধারণা, প্রতিষ্ঠানের ডেভঅপস বিভাগের এক প্রকৌশলীর ল্যাপটপের নিয়ন্ত্রণ নিয়ে হামলাকারীরা একটি সেবা-পরিচালন ব্যবস্থায় প্রবেশ করে। সেখান থেকে তারা অনুমোদনহীন অর্থ স্থানান্তরের নির্দেশ পাঠাতে সক্ষম হয়। তবে ওয়ালেটের ব্যক্তিগত চাবি ফাঁস হওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে বাইন্যান্স।

যুক্তরাষ্ট্রভিত্তিক ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের মতে, হামলাকারীরা বাইন্যান্সের লেনদেন অনুমোদনের জন্য ব্যবহৃত ডিজিটাল স্বাক্ষর অবকাঠামোর নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল। ফলে তারা সরাসরি ওয়ালেটের গোপন চাবি চুরি না করেও সংশ্লিষ্ট ওয়ালেট থেকে সম্পদ সরিয়ে নেওয়ার নির্দেশ দিতে পেরেছে।

বিষয়টি ব্যাখ্যা করে হংকংয়ের ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত আইনজীবী জোশুয়া চু রয়টার্সকে বলেন, সহজভাবে বললে, হামলাকারীরা হয়তো ভল্টের চাবি চুরি করেনি; বরং ভল্ট থেকে অর্থ ছাড়ার নির্দেশ দেওয়ার মূল ব্যবস্থাটিই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছিল

এই সাইবার হামলার পেছনে কারা রয়েছে, তা নিয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের একাধিক ব্লকচেইন বিশ্লেষক প্রতিষ্ঠান বলেছে, হামলার কৌশল ও ধরনে উত্তর কোরিয়ার হ্যাকারদের আগের কয়েকটি অভিযানের সঙ্গে মিল রয়েছে।

টিআরএম ল্যাবস তাদের বিশ্লেষণে উত্তর কোরিয়ার হ্যাকার গোষ্ঠী ‘ট্রেডারট্রেইটার’-কে এই হামলার জন্য দায়ী করেছে। প্রতিষ্ঠানটির দাবি, অনলাইন লেনদেনের তথ্য এবং অন্যান্য গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে তারা উচ্চমাত্রার আস্থার সঙ্গে এ সিদ্ধান্তে পৌঁছেছে। রয়টার্সের ৩০ অক্টোবরের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত বছর ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইবিটে বড় ধরনের সাইবার হামলার সঙ্গে উত্তর কোরিয়ার হ্যাকারদের সংশ্লিষ্টতা শনাক্ত করেছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। টিআরএম ল্যাবস বলছে, বাইন্যান্সের এবারের হামলার সঙ্গে ওই ঘটনার কৌশলগত মিল রয়েছে।

তবে বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং জানিয়েছেন, তাদের নিজস্ব তদন্তে এখনো হামলাকারীদের সুনির্দিষ্ট পরিচয় নিশ্চিত করা যায়নি। উত্তর কোরিয়া বরাবরই এ ধরনের সাইবার হামলা ও ক্রিপ্টোকারেন্সি চুরির সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে আসছে। ফলে হামলাকারীদের পরিচয় এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কোথায় গেল চুরি হওয়া অর্থ
হামলার পরপরই বিপুল পরিমাণ ডিজিটাল সম্পদ বিভিন্ন ওয়ালেটে সরিয়ে নেওয়ার চেষ্টা করে হামলাকারীরা। তবে বিষয়টি আঁচ করতে পেরে ক্রিপ্টোকারেন্সি খাতের বিভিন্ন প্রতিষ্ঠান দ্রুত ব্যবস্থা নেয়। বিশেষ করে স্টেবলকয়েন ইস্যুকারী প্রতিষ্ঠানগুলো চুরি হওয়া সম্পদের একটি বড় অংশ জব্দ করতে সক্ষম হয়েছে।

বাইন্যান্স জানিয়েছে, ব্লকচেইন অংশীদারদের সহযোগিতায় প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ এরই মধ্যে জব্দ করা হয়েছে। এর মধ্যে স্টেবলকয়েন সরবরাহকারী প্রতিষ্ঠান টিথার ১৫০ কোটি ডলারের বেশি এবং সার্কল ৮০ কোটি ডলারের বেশি মূল্যের সম্পদ জব্দের কথা জানিয়েছে। সব মিলিয়ে চুরি হওয়া সম্পদের প্রায় অর্ধেক আটকে দেওয়ার দাবি করা হচ্ছে।্#ী২০;

স্টেবলকয়েন হচ্ছে এমন একধরনের ডিজিটাল মুদ্রা, যার মূল্য সাধারণত মার্কিন ডলারের মতো প্রচলিত মুদ্রার সঙ্গে যুক্ত থাকে। টিথার ও সার্কলের মতো প্রতিষ্ঠান তাদের ইস্যু করা মুদ্রার লেনদেন নির্দিষ্ট পরিস্থিতিতে দূর থেকেই স্থগিত বা জব্দ করতে পারে। ফলে চুরি হওয়া সম্পদ এসব প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণাধীন থাকলে তা নগদ অর্থে রূপান্তর করা কিংবা অন্যত্র সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে।

তবে কোনো ডিজিটাল সম্পদ জব্দ করা মানেই সেটি সরাসরি বাইন্যান্সের কাছে ফেরত চলে আসা নয়। এ অর্থের মালিকানা ও ফেরত দেওয়ার প্রক্রিয়া তদন্ত এবং আইনি সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

টিআরএম ল্যাবসের তথ্য অনুযায়ী, চুরি করা সম্পদের কিছু অংশ ইতিমধ্যে ইথার ঋণ নেওয়ার জামানত হিসেবে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রায় ২৪০ কোটি ডলারের বিটকয়েন ও ইথার এখনো হামলাকারীদের নিয়ন্ত্রণে রয়েছে এবং সেগুলো সহজে জব্দ করা সম্ভব হচ্ছে না।

এর কারণ, বিটকয়েন ও ইথার কোনো একক কোম্পানি ইস্যু করে না। ফলে টিথার বা সার্কলের মতো কোনো প্রতিষ্ঠানের পক্ষে এসব মুদ্রা দূর থেকে স্থগিত করা সম্ভব নয়। হামলাকারীরা এসব সম্পদ এমন কোনো বিনিময় প্ল্যাটফর্ম বা আর্থিক প্রতিষ্ঠানে পাঠালে সেগুলো আটকে দেওয়া যেতে পারে, যাদের সে সক্ষমতা রয়েছে। এ ছাড়া আইন প্রয়োগকারী সংস্থা ডিজিটাল ওয়ালেটের গোপন চাবি উদ্ধার করতে পারলেও সম্পদ জব্দ করা সম্ভব।

সিঙ্গাপুরভিত্তিক ব্লকচেইন গোয়েন্দা প্রতিষ্ঠান চেইনআর্গোসের আইনবিষয়ক প্রধান প্যাট্রিক তান রয়টার্সকে বলেন, বিটকয়েন ও ইথার কোনো নির্দিষ্ট কোম্পানির নিয়ন্ত্রণে নেই। তাই কোনো একটি প্রতিষ্ঠানের পক্ষে সেগুলো আটকে দেওয়া সম্ভব নয়।

বাইন্যান্সের গ্রাহকদের অর্থ কি নিরাপদ
হামলার পর বাইন্যান্স সাময়িকভাবে তাদের প্ল্যাটফর্মে অর্থ জমা ও উত্তোলন বন্ধ করে দেয়। নিরাপত্তা যাচাই, সন্দেহজনক লেনদেন শনাক্ত এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কাজ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের অর্থ নিরাপদ রয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত কারিগরি তথ্য প্রকাশ করা হবে।

বাইন্যান্সের সহপ্রধান নির্বাহী রিচার্ড টেং বলেছেন, সাইবার হামলায় হওয়া ক্ষতি গ্রাহক সুরক্ষা তহবিল এবং প্রতিষ্ঠানের নিজস্ব সম্পদ থেকে পূরণ করা হবে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট অনুযায়ী, গ্রাহকদের নিরাপত্তার জন্য তাদের এক হাজার কোটি ডলারের নয়, বরং ১০০ কোটি ডলারের বিটকয়েন সংরক্ষিত রয়েছে এমন একটি বিশেষ সুরক্ষা তহবিল আছে।্#ী২০;

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চ্যাংপেং ঝাওও সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, গ্রাহকদের অর্থ নিরাপদ রয়েছে এবং সব ক্ষতি পূরণ করা হবে বলে তিনি আশা করছেন। তবে তিনি বর্তমানে বাইন্যান্সের ব্যবস্থাপনার দায়িত্বে নেই বলে জানিয়েছেন।

ক্রিপ্টো বাজারে আস্থার সংকট
বাইন্যান্সে এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সি বাজারে নেতিবাচক প্রভাব পড়ে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় বিটকয়েনের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে ৭৯ হাজার ডলারের নিচে নেমে যায়। অন্যান্য প্রধান ক্রিপ্টোকারেন্সির দামও কমেছে।

ডিজিটাল সম্পদ চুরির ঘটনা ক্রিপ্টো খাতে নতুন নয়। টিআরএম ল্যাবসের আগের হিসাব অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে প্রায় ১৫০টি পৃথক সাইবার হামলায় ২৯০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল। তবে বাইন্যান্সের ঘটনায় ক্ষতিগ্রস্ত সম্পদের পরিমাণ আগের বড় ঘটনাগুলোকেও ছাড়িয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু একটি বিনিময় প্ল্যাটফর্মের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাই সামনে আনেনি, বরং পুরো ক্রিপ্টোকারেন্সি ব্যবস্থার ঝুঁকি নিয়েও নতুন প্রশ্ন তুলেছে। বিশেষ করে গ্রাহকের অর্থ পরিচালনায় ব্যবহৃত অভ্যন্তরীণ প্রযুক্তি, লেনদেন অনুমোদন ব্যবস্থা এবং ডিজিটাল সম্পদ সংরক্ষণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।

হামলার পর প্রায় ৩০০ কোটি ডলারের সম্পদ জব্দ করা সম্ভব হলেও বাকি অর্থের বড় অংশ উদ্ধার করা কঠিন হতে পারে। ফলে বাইন্যান্সের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্ষতিগ্রস্ত সম্পদের হিসাব নিশ্চিত করা, অবশিষ্ট অর্থের গতিপথ শনাক্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা। সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, এলিপটিক।
সানা/আপ্র/৩০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্লুটোর বাইরে নতুন বামন গ্রহের সন্ধান, চলছে যাচাই
৩০ অক্টোবর ২০২৬

প্লুটোর বাইরে নতুন বামন গ্রহের সন্ধান, চলছে যাচাই

প্লুটোর কক্ষপথের বাইরে সৌরজগতের দূরবর্তী প্রান্তে বড় একটি বরফাবৃত মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বি...

ওষুধ বন্ধে চ্যাটজিপিটির পরামর্শ, তরুণীর মৃত্যুতে মামলা
৩০ অক্টোবর ২০২৬

ওষুধ বন্ধে চ্যাটজিপিটির পরামর্শ, তরুণীর মৃত্যুতে মামলা

চিকিৎসকদের নিষেধ উপেক্ষা করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) পরামর্শে মৃগী রোগের ওষুধ ধীরে ধীরে বন্ধ করে...

বিশ্ব জ্বালানিতে নতুন যুগ, পারমাণবিক শক্তিকে ছাড়াল সৌরবিদ্যুৎ
২৯ অক্টোবর ২০২৬

বিশ্ব জ্বালানিতে নতুন যুগ, পারমাণবিক শক্তিকে ছাড়াল সৌরবিদ্যুৎ

বিশ্বের বিদ্যুৎ উৎপাদনে বড় পরিবর্তন ঘটাচ্ছে সৌরশক্তি। উৎপাদন সক্ষমতা ও ব্যবহারের দ্রুত সম্প্রসারণের...

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে
২৬ অক্টোবর ২০২৬

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে উদ্ধার করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হলে ব্যক্তিগত কথোপকথন ও পরিচিত ব্যক্তিদের তথ্য ঝুঁকিতে পড়তে পারে। শুধু...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই