এস এ খান শিল্টু, মেহেরপুর: মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব রাখতে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি। এ সময় সরকারি হাসপাতালে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জেলা বিএনপির তত্ত্বাবধানে এবং মুজিবনগর উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। এ সময় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, ‘হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্নতা মেনে নেওয়া হবে না। হাসপাতালকে দালালমুক্ত, পরিচ্ছন্ন ও রোগীবান্ধব করতে জেলা বিএনপি কঠোর অবস্থানে থাকবে। রোগীরা যাতে হয়রানিমুক্ত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে আমরা নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখব।’
কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হাসপাতালের বিভিন্ন স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সানা/আপ্র/৩০/১০/২০২৬