দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার।
স্বাস্থ্য অধিদপ্তরের শুক্রবারের (৩০ অক্টোবর) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
একই সময়ে দেশের আট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৩৫ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, বরিশাল বিভাগে ১৮২ জন, খুলনা বিভাগে ১৩১ জন, রাজশাহী বিভাগে ১১২ জন, ময়মনসিংহ বিভাগে ৭৫ জন, রংপুর বিভাগে ৪৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৩ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে। অন্যদিকে, বছরের শুরু থেকে শুক্রবার পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন।
স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর পরিসংখ্যান সংরক্ষণ করছে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুর প্রকোপ ছিল সবচেয়ে বেশি। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। একই বছর এ রোগে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন, যা এখন পর্যন্ত দেশে এক বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
গত বছরও ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু ছিল উদ্বেগজনক। ওই বছর এ রোগে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং হাসপাতালে শনাক্ত ও ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের বেশি।
ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন জনস্বাস্থ্যসংশ্লিষ্টরা।
সানা/আপ্র/৩০/১০/২০২৬