দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর নেওয়া বিভিন্ন নীতি এবং বিশেষ করে ইরানে সামরিক অভিযানের কারণে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের উদ্যোগ নেন, তাহলে তারাই রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।
গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন ৪ নভেম্বর প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে বড় জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় হোয়াইট হাউসের লনে নিজের নতুন নির্মাণাধীন প্রকল্প ‘বলরুম’ ঘুরিয়ে দেখান তিনি। প্রায় ২০ মিনিট ধরে প্রকল্পটি নিয়ে কথা বললেও আগের রাতে দেশজুড়ে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের বিষয়ে কোনো মন্তব্য করেননি।
বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির মতামত উপেক্ষা করেই ইরানে সামরিক অভিযানের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প। ক্ষমতায় আসার পর অভিবাসনবিরোধী অভিযান পরিচালনার ক্ষেত্রেও বেশিরভাগ সময় বিরোধী দলের মতামত উপেক্ষা করেছেন তিনি।
বুধবার সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাকে অভিশংসনের উদ্যোগ নিতে পারেন—এ নিয়ে তিনি চিন্তিত কি না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি বিন্দুমাত্র চিন্তিত নই। বরং আমার মনে হয়, তারা যদি এমনটা করে—অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে—তবে তা ডেমোক্রেটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।’
সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির নির্বাচনী পরাজয় নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি যদি ব্যালটে থাকতাম, তবে জয়ী হতাম। নির্বাচনের আগে আমি যেসব জনসভা করেছি, সেখানে সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পারিনি।’
এর আগের দিন মঙ্গলবার গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্রেটিক পার্টিকে অভিনন্দনও জানান ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে। ডেমোক্র্যাটরা ভালো করেছে।’
এসি/আপ্র/০৫/১১/২০২৬