গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:২৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪১ এএম ২০২৬
প্রণবের প্রধানমন্ত্রিত্বের ইঙ্গিতে চমকে যান সোনিয়া
ছবি

২০০৪ সালে এক বৈঠকে ভারতের তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও তৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী -ফাইল ছবি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্ক্ষা ছিল- এমন ধারণাকে আরো জোরালো করেছেন দেশটির কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী। ২০১০ সালে এক বৈঠকে প্রণব মুখোপাধ্যায় তাকে বলেছিলেন, সম্ভবত ‘এখন শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে’। প্রণবের এই মন্তব্যে চমকে গিয়েছিলেন বলে জানিয়েছেন সোনিয়া।

নিজের স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ এ তথ্য প্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার বইটি বাজারে এসেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

স্মৃতিকথায় সোনিয়া গান্ধী লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে তার দায়িত্বের একটি ‘অলিখিত বিভাজন’ ছিল। এ ব্যবস্থা অত্যন্ত মসৃণভাবে কাজ করত। তার ভাষায়, “ড. মনমোহন সিংয়ের অধীনে ছিল সরকার আর আমার অধীনে দল।”

দল ও সরকারের মধ্যে সমন্বয় নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে একটি কেন্দ্রীয় গ্রুপের বৈঠক হতো। ওই গ্রুপের অন্য সদস্যদের মধ্যে ছিলেন প্রণব মুখোপাধ্যায়, মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন সিং, কেরালার সাবেক মুখ্যমন্ত্রী এ কে অ্যান্টনি এবং আহমেদ প্যাটেল। সংসদে উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য গঠিত ‘কৌশলগত গ্রুপ’-এর সদস্য হিসেবেও তারা নিয়মিত বৈঠক করতেন।

সোনিয়া লিখেছেন, এসব বৈঠকের পর কখনো কখনো প্রণব মুখোপাধ্যায় কথা বলার জন্য কিছুটা বেশি সময় থেকে যেতেন। তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের সঙ্গে তার গুরুতর মতপার্থক্য তৈরি হয়েছিল। ২০১০ সালের একটি বৈঠকে নিজের হতাশা প্রকাশের পর প্রণব তাকে শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আনার পরামর্শ দেন।

সোনিয়ার ভাষ্য, তিনি প্রণবের ওই মন্তব্যকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার দীর্ঘদিনের লালিত ইচ্ছার ইঙ্গিত হিসেবে বুঝেছিলেন। তবে ভদ্রভাবে বিষয়টি এড়িয়ে গিয়ে অন্য প্রসঙ্গে চলে যান। প্রণব এতে হতাশ হয়ে থাকলেও কখনো তার ওপর কোনো ক্ষোভ প্রকাশ করেননি।

স্মৃতিকথায় সোনিয়া আরো উল্লেখ করেছেন, ২০১২ সালে কংগ্রেস প্রণব মুখোপাধ্যায়কে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি নির্বাচনে সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। নির্বাচনে জয়ী হয়ে তিনি ভারতের রাষ্ট্রপতি হন।

প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে সোনিয়া লিখেছেন, এই বিদগ্ধ ও জ্ঞানী রাজনীতিবিদের সঙ্গে শুধু কথা বলার জন্যও তিনি প্রায়ই দেখা করতে যেতেন।
২০২০ সালের ৩১ আগস্ট ৮৪ বছর বয়সে নয়াদিল্লিতে মারা যান ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রণব মুখোপাধ্যায়।
সানা/আপ্র/১০/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন
১০ নভেম্বর ২০২৬

৮১ বছর বয়সে বুকার জিতে রেকর্ড গড়লেন জন হ্যারিসন

ডিস্টোপীয় ব্যঙ্গাত্মক উপন্যাস ‘দ্য এন্ড অব এভরিথিং’-এর জন্য ২০২৬ সালের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জ...

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের
১০ নভেম্বর ২০২৬

ঢাকার বস্তিকে দিল্লি সাজিয়ে চীনা ভিডিও, উদ্বেগ ভারতের

বাংলাদেশের রাজধানী ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ...

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন
১০ নভেম্বর ২০২৬

পরাজয়ের ছয় দিন পর মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের প্রশ্ন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পা...

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু
১০ নভেম্বর ২০২৬

ভারতে আইফোন কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে ৩ শ্রমিকের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে অ্যাপলের আইফোনের যন্ত্রাংশ তৈরির টাটা ইলেকট্রনিকস কারখানায় গ্যাসে দমবন্ধ হয়ে তিন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই