গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ৩০ মার্চ ২০২৬

মেনু

প্রসিকিউটরদের সতর্ক করলেন প্রধান কৌঁসুলি

কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনায় তোলপাড়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:২৪ পিএম, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ১৭:৪৪ এএম ২০২৬
কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁসের ঘটনায় তোলপাড়
ছবি

মঙ্গলবার প্রধান কৌঁসুলির কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ আমিনুল ইসলাম -ছবি সংগৃহীত

আসামিকে খালাস পাইয়ে দেওয়ার কথা বলে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে ফাঁস হওয়া অডিওকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনায় প্রসিকিউটরদের কঠোরভাবে সতর্ক করেছেন প্রধান কৌঁসুলি মোহাম্মদ আমিনুল ইসলাম।

তিনি বলেছেন, দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর বা সংশ্লিষ্ট কেউ দুর্নীতি বা অনিয়মে জড়িত থাকলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ বিষয়ে থাকবে শূন্য সহনশীলতা নীতি।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে প্রধান কৌঁসুলির কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রসিকিউটরদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অডিও ফাঁসের অভিযোগ: গত ৯ মার্চ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের একটি কথোপকথনের অডিও ফাঁস হয়। ওই অডিওতে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাস পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করার অভিযোগ ওঠে।

বিভিন্ন সূত্র জানায়, ওই কথোপকথনে ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে এই টাকা দাবি করেন তিনি। জুলাই অভ্যুত্থানের সময় শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে আছেন ফজলে করিম চৌধুরী। অডিওটি প্রকাশের পরপরই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয় এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন ওঠে।

জরুরি বৈঠকে প্রসিকিউটররা: অডিও ফাঁসের বিষয়টি জানতে পেরে মঙ্গলবার সকালেই সব প্রসিকিউটরকে জরুরি বৈঠকে ডাকেন প্রধান কৌঁসুলি। আমিনুল ইসলাম বলেন, “আজ সকালে সংবাদটি দেখেই আমি সব প্রসিকিউটরকে সকাল নয়টার মধ্যে উপস্থিত থাকতে বলেছি। বিষয়টি কী, কেন ঘটল-এসব জানার জন্য আমরা বিস্তারিত আলোচনা করেছি।” তিনি জানান, যে মামলার প্রসঙ্গে অডিওটি প্রকাশিত হয়েছে, সেই মামলার নথিপত্রও তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে প্রাথমিকভাবে পর্যালোচনা করা হয়েছে। তবে বৈঠকে আলোচিত কিছু বিষয় অভ্যন্তরীণ হওয়ায় তা প্রকাশ করা সম্ভব নয় বলেও জানান তিনি।

বিচার প্রক্রিয়ার ভাবমূর্তি নিয়ে উদ্বেগ: এই ধরনের অভিযোগ ট্রাইব্যুনালের পুরো বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধান কৌঁসুলি বলেন, এ ধরনের ঘটনা অবশ্যই প্রতিষ্ঠানের ভাবমূর্তিতে প্রভাব ফেলে। তিনি বলেন, “যদি এমন কোনো ঘটনা ঘটে, তাহলে স্বাভাবিকভাবেই ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠবে। এতে আমাদের প্রতিষ্ঠানের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়।”

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান: প্রধান কৌঁসুলি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি প্রসিকিউশন টিমকে স্পষ্টভাবে জানিয়েছেন যে, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম মেনে নেওয়া হবে না। তিনি বলেন, “আমার কর্মকালে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে যদি বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগের সত্যতা পাই, আমি তাকে কোনোভাবেই ছাড় দেব না।” তিনি আরো বলেন, ফাঁস হওয়া অডিও নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ না এলেও প্রসিকিউশন দপ্তর থেকেই একটি অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

তদন্ত কমিটি গঠন: ঘটনাটি খতিয়ে দেখতে একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠনের কথা জানান প্রধান কৌঁসুলি। তিনি বলেন, এই তদন্ত প্রক্রিয়ায় তিনিও সরাসরি যুক্ত থাকবেন। আমিনুল ইসলাম বলেন, “শুধু এই ঘটনাই নয়, ট্রাইব্যুনাল গঠনের পর থেকে প্রসিকিউশন সংশ্লিষ্ট সব বিষয়ই আমরা অভ্যন্তরীণভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।” কোনো অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করা হবে বলেও জানান তিনি।

আগের অভিযোগও খতিয়ে দেখা হবে: সাংবাদিকরা এ সময় জানান, ট্রাইব্যুনালে ইতোমধ্যে কয়েকটি মামলার রায় হয়েছে এবং একটি মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামি রায় ঘোষণার পর আদালতেই অভিযোগ করেছিলেন যে তিনি টাকা দিতে না পারায় তাকে রাজসাক্ষী করা হয়নি এবং তার কাছে অর্থ দাবি করা হয়েছিল। এই অভিযোগ তদন্তের সুযোগ আছে কি না জানতে চাইলে প্রধান কৌঁসুলি বলেন, তার দায়িত্ব নেওয়ার আগের ঘটনাও তদন্তের আওতায় আনা হবে। তিনি বলেন, “যদি কোনো অভিযোগ অনলাইন বা অন্য কোনো মাধ্যমে আসে, আমি তা অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখব। সত্যতার প্রমাণ পেলে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।”

ভবিষ্যতের জন্য কঠোর বার্তা: প্রধান কৌঁসুলি বলেন, এই ঘটনার মাধ্যমে তিনি একটি স্পষ্ট বার্তা দিতে চান-ভবিষ্যতে প্রসিকিউশনে কাজ করতে হলে সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, “ভবিষ্যতে কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে যদি সামান্য অভিযোগের সত্যতাও পাই, তাহলে ধরে নিতে হবে পরের দিন তিনি আর এখানে থাকবেন না।” এই ধরনের অভিযোগের বিচার ট্রাইব্যুনাল আইনে হবে নাকি প্রচলিত আইনে হবে-এ বিষয়ে প্রসিকিউশন টিম শিগগিরই বৈঠক করে সিদ্ধান্ত নেবে বলেও জানান তিনি।
সানা/আপ্র/১০/৩/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ
২৯ মার্চ ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ...

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ দুইজন রিমান্ডে
২৭ মার্চ ২০২৬

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক মিষ্টি সুভাষসহ দুইজন রিমান্ডে

স্বাধীনতা দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেতা শিমু...

কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল
২৫ মার্চ ২০২৬

কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল

দেশের ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহ...

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
২৫ মার্চ ২০২৬

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

এবারের ঈদযাত্রাকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি স্বস্তিদায়ক বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রীর এই দাবি ঠিক আছে বলে মনে করেন?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 7 ঘন্টা আগে