গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

মেনু

ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:১৪ পিএম, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:২৩ এএম ২০২৬
ফ্যামিলি কার্ডে বদলাচ্ছে নারীর জীবন, বাড়ছে আত্মনির্ভরতা
ছবি

ছবি সংগৃহীত

বছরের ছয় মাস কাজ থাকে না হাফিজুর বিশ্বাসের। একসময় অভাব আর দুশ্চিন্তাই ছিল তাঁর সংসারের নিত্যসঙ্গী। তিন ছেলের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে হিমশিম খেতে হতো পরিবারটিকে। তবে সরকারের দেওয়া ফ্যামিলি কার্ডে এখন কিছুটা স্বস্তি ফিরেছে। প্রতি মাসে পাওয়া আড়াই হাজার টাকা দিয়ে সংসারের টানাপোড়েন সামলানোর পাশাপাশি স্ত্রী সুফিয়া বেগম শুরু করেছেন হাঁস-মুরগি ও কবুতর পালনের উদ্যোগ।

যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুফিয়া বেগম প্রতি মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আড়াই হাজার টাকা পাচ্ছেন। স্বামীর আয় না থাকলেও সংসার চালাতে আগের মতো কষ্ট হচ্ছে না তাঁর। গত পাঁচ মাসে পাওয়া অর্থের একটি অংশ দিয়ে কিনেছেন হাঁস-মুরগির বাচ্চা। সেগুলো বড় হচ্ছে। কবুতর পালনের জন্য ঘরও তৈরি করেছেন। আগামী মাসে কবুতর কেনার পরিকল্পনা রয়েছে তাঁর।

সুফিয়া বেগম বলেন, ‘সরকারের দেওয়া টাকায় হাঁস-মুরগি কিনছি। বাচ্চাদের পড়ালেখার খরচ চালাচ্ছি। প্রধানমন্ত্রীকে সামনে পেলে একটু ভালো করে ধন্যবাদ জানাতে পারতাম।’

শুধু সুফিয়া বেগমের পরিবার নয়, ফ্যামিলি কার্ডের নিয়মিত সহায়তায় ওই এলাকার অনেক নারীর জীবনেই পরিবর্তন আসছে। স্বামীর অনিয়মিত আয় কিংবা অসুস্থতার কারণে সংসারে যে আর্থিক সংকট তৈরি হয়, তা সামলাতে পারছেন তাঁরা। সন্তানদের পড়াশোনা, ঋণের কিস্তি পরিশোধ ও নিজেদের ছোটখাটো প্রয়োজন মেটানোর পাশাপাশি কেউ কেউ বাড়তি আয়ের পথও তৈরি করছেন।

গত ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান পাইলট কর্মসূচি হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই দিন চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের ২ হাজার ৪২টি পরিবারের নারীদের হাতে কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সেদিনই উপকারভোগীদের মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার হিসাবে জমা হয় আড়াই হাজার টাকা করে।

সংসারের খরচের পাশাপাশি বাড়তি আয়ের উদ্যোগ

একই ওয়ার্ডের মধ্যপাড়ার মেহেরুন নেসার (৩৫) সংসারেও ফ্যামিলি কার্ডের অর্থ নতুন সম্ভাবনা তৈরি করেছে। তাঁর স্বামী সিরাজুল ইসলাম পিকআপ ভ্যান চালান। তবে সব সময় কাজ থাকে না। নিজেদের ছোট্ট ভিটেবাড়ি ছাড়া আর কোনো সম্পদও নেই তাঁদের। সংসারের খাবারের খরচ মেটানো গেলেও দুই সন্তানের পড়াশোনার ব্যয় জোগাতে কষ্ট হতো।

ফ্যামিলি কার্ডের অর্থের একটি অংশ দিয়ে ছয়টি টাইগার জাতের মুরগির বাচ্চা কিনেছেন মেহেরুন। এখন প্রতিটির ওজন দুই কেজির বেশি। প্রতি কেজি মুরগির দাম ৬০০ টাকা বলে জানান তিনি। কিছু টাকা দিয়ে তৈরি করেছেন কবুতরের ঘরও।

মেহেরুন বলেন, ‘ফ্যামিলি কার্ডের কিছু টাকা ছেলে-মেয়ের লেখাপড়ার খরচে ব্যয় করার পর বাকি টাকা দিয়ে বাড়তি কিছু আয়ের পথ তৈরি করছি।’

মধ্যপাড়ার নাসিমা আক্তারের (৩০) সংসারেও স্বামীর অনিয়মিত আয় ছিল বড় সমস্যা। তাঁর স্বামী রকিবুল ইসলাম পিকআপ ভ্যান চালান। ভাড়া নিয়ে বাইরে গেলে সাত-আট দিন বাড়িতে ফিরতে পারেন না। তখন সংসারের খরচ ও দুই ছেলের পড়াশোনার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়ত।

নাসিমা বলেন, ‘এখন আর আগের মতো সমস্যা হয় না। ফ্যামিলি কার্ডের টাকায় বাচ্চাদের লেখাপড়ার খরচ চালানোর পর নিজের হাতখরচও করতে পারছি। আমরা খুব খুশি।’

অসুস্থ স্বামীর সংসারে নিয়মিত সহায়তা

মধ্যপাড়ার রাজিয়া সুলতানার (৩০) সংসারে ফ্যামিলি কার্ডের অর্থের গুরুত্ব আরও বেশি। তাঁর স্বামী রনি হোসেন আগে পিকআপ ভ্যান চালাতেন। দুই বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর শরীরের এক পাশ অচল হয়ে যায়। বন্ধ হয়ে যায় উপার্জনও।

স্বামীর ওষুধ, মেয়ের পড়াশোনা ও সংসারের খরচ চালাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েন রাজিয়া। আত্মীয়স্বজনের সহায়তা নিয়েও ধারদেনায় জড়াতে হয় তাঁকে। এখন ফ্যামিলি কার্ডের অর্থ নিয়মিত সহায়তা জোগাচ্ছে।

রাজিয়া বলেন, ‘আমাদের সংসারের কোনো আয় ছিল না। আলহামদুলিল্লাহ, মাস শেষে নিশ্চিত একটা টাকা পাচ্ছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই।’

রনি হোসেন বলেন, ‘আমার শরীরের এক পাশে কোনো শক্তি পাই না। ফ্যামিলি কার্ড আমার সংসারটারে বাঁচিয়ে দিয়েছে।’

ঋণের কিস্তি ও পড়াশোনার খরচ মেটাচ্ছেন অনেকে

বর্মণপাড়ার লক্ষ্মী রানী বিশ্বাসের (৫০) সংসারে অভাবের সঙ্গে লড়াই দীর্ঘদিনের। তাঁর স্বামী মৃত্যুঞ্জয় বিশ্বাস মৌসুমি কাজ করেন। সংসার চালাতে লক্ষ্মী রানিকে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করতে হয়। দুই মেয়ের একজনের বিয়ে হয়েছে। অন্যজন উচ্চমাধ্যমিকে পড়ছে।

আগে প্রতিবন্ধী ভাতা হিসেবে তিন মাস পরপর ২ হাজার ৭০০ টাকা পেতেন তিনি। এখন ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাচ্ছেন ২ হাজার ৫০০ টাকা।

লক্ষ্মী রানী বলেন, ‘এনজিও থেকে ঋণ নেওয়া ছিল। কিস্তি দিতে পারছিলাম না। প্রতি মাসে ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় কিস্তি পরিশোধ করতে পারছি। মেয়ের লেখাপড়ার খরচ দিতে পারছি। আবার গরু, ছাগল ও মুরগির খাবারও কিনতে পারছি।’

তাঁর প্রতিবেশী সুচিত্রা বর্মণও এই অর্থ পেয়ে স্বস্তি পেয়েছেন। সন্তানদের পড়াশোনার খরচ মেটানোর পাশাপাশি সংসারের ব্যয় চালাতে পারছেন তিনি।

মল্লিকপাড়ার আঞ্জুয়ারা বেগমের (৪০) কাছে ফ্যামিলি কার্ডের অর্থ নিজের প্রয়োজন মেটানোর সুযোগ তৈরি করেছে। তাঁর স্বামী জাকারিয়া একটি কর্মশালায় মেকানিকের কাজ করেন। টানাটানির সংসারে খাবারের সংস্থান করতেই কষ্ট হয় তাঁদের।

আঞ্জুয়ারা বলেন, ‘সব পরিবারেই মেয়েদের আলাদা কিছু খরচ থাকে। টানাটানির সংসারে বাড়ির পুরুষদের কাছে এই টাকা চাওয়া যায় না। ফ্যামিলি কার্ডের টাকা পাওয়ায় খুবই সুবিধা হয়েছে।’

সুফিয়া, মেহেরুন, রাজিয়া কিংবা লক্ষ্মী রানীর কাছে ফ্যামিলি কার্ডের অর্থের ব্যবহার একেক রকম। কারও কাছে এটি সন্তানের পড়াশোনার খরচ, কারও কাছে স্বামীর ওষুধ কেনার ভরসা, আবার কারও কাছে বাড়তি আয়ের পুঁজি। এই সহায়তা তাঁদের সংসারের আর্থিক চাপ কমানোর পাশাপাশি নিজেদের প্রয়োজন মেটানোর সুযোগও তৈরি করছে।

আরো এলাকায় কার্ড বিতরণের প্রস্তুতি

যশোর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় বলেন, নিম্নবিত্ত পরিবারের নারীরা সংসারের অনেক কাজ করলেও নিজেদের খরচ করার মতো অর্থ তাঁদের হাতে থাকে না। নারীদের আর্থিক সক্ষমতা ও পরিবারে মর্যাদা বাড়াতে ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে।

তিনি জানান, পাইলট কর্মসূচি থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। জেলার অন্য এলাকাগুলোতেও তথ্য সংগ্রহ চলছে। তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে।

যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, একটি ওয়ার্ডে কার্ড বিতরণের পর ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। এই অভিজ্ঞতা পরবর্তী ধাপে কাজে লাগানো হবে।

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। সরকার দায়িত্ব নেওয়ার তিন মাসেরও কম সময়ের মধ্যে তা বাস্তবায়নের কাজ শুরু করে।

তিনি জানান, যশোর সদরের ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার নয়টি ওয়ার্ডে পর্যায়ক্রমে কার্ড বিতরণ করা হবে। লেবুতলা, নওয়াপাড়া ও নরেন্দ্রপুর ইউনিয়নের একটি করে ওয়ার্ডে তথ্য সংগ্রহ চলছে। পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডেও শিগগিরই এ কার্যক্রম শুরু হবে।

প্রতিমন্ত্রী বলেন, চাঁচড়ার সাত নম্বর ওয়ার্ডে কার্ড বিতরণের ক্ষেত্রে দল, মত, ধর্ম কিংবা রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্য এলাকাগুলোতেও একইভাবে কার্ড বিতরণ করা হবে।

এসি/আপ্র/১০/১১/২০২৬

 

 

 

 

সংশ্লিষ্ট খবর

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন
১০ নভেম্বর ২০২৬

ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় সংঘর্ষ, ৩৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন

ঢাকার আশুলিয়ায় ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।...

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস
১০ নভেম্বর ২০২৬

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আব...

কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী
১০ নভেম্বর ২০২৬

কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই