গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

৯ জেলায় পরিস্থিতি অবনতির শঙ্কা, ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

সাত জেলায় বন্যায় প্রাণহানি ৫৪, দুর্ভোগে ৬ লাখ মানুষ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৪ পিএম, ১৩ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৩৯ এএম ২০২৬
সাত জেলায় বন্যায় প্রাণহানি ৫৪, দুর্ভোগে ৬ লাখ মানুষ
ছবি

পাহাড়ি ঢল, অতিবৃষ্টি ও পাহাড়ধসে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত জনপদ। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি মানুষকে উদ্ধার ও সহায়তা কার্যক্রম চালানো হচ্ছে -ছবি সংগৃহীত

অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে সৃষ্ট ভয়াবহ বন্যায় দেশের সাত জেলায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্যোগে আহত হয়েছেন আরও ৩৯ জন। পানিবন্দি হয়ে পড়েছেন ১ লাখ ৫৫ হাজার ৩১১টি পরিবারের সদস্য। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৯ হাজার ৪১১ জনে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই সাত জেলা বর্তমানে বন্যাকবলিত। এসব জেলার ৫৯টি উপজেলা, ৩৩৪টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কক্সবাজারে। সেখানে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে কক্সবাজারে ২৪ জন, চট্টগ্রামে ১২ জন, বান্দরবানে ২ জন এবং খাগড়াছড়িতে ১ জন রয়েছেন।

দুর্যোগকবলিত মানুষের জন্য সরকার ১ হাজার ৪২টি আশ্রয়কেন্দ্র চালু করেছে। এসব আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪২২ জন আশ্রয় নিয়েছেন।

পাহাড়ধসে চট্টগ্রামে ১৩ জনের মৃত্যু: চট্টগ্রামে টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জেলায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জন। চট্টগ্রামের ১৬টি উপজেলা ও মহানগরীর বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম মহানগরসহ বাঁশখালী, সন্দ্বীপ, সাতকানিয়া, আনোয়ারা, কর্ণফুলী, সীতাকুণ্ড, মীরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ, লোহাগাড়া ও ফটিকছড়ি উপজেলার ১৫২টি ইউনিয়ন ও পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

জেলায় বর্তমানে ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার পানিবন্দি রয়েছে। দুর্গত মানুষের জন্য ৫৮০টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে। এসব কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২১ হাজার ৯০০ জন।

চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ দেওয়া ১ হাজার ২০০ মেট্রিক টন চালের মধ্যে ৭১০ মেট্রিক টন এবং ৮৫ লাখ টাকা নগদ সহায়তার মধ্যে ৬০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়া ৩৯ হাজার ২৫০ প্যাকেট শুকনো খাবার এবং ১৫ হাজার ১০০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

৯ জেলায় পরিস্থিতি অবনতির শঙ্কা: দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের ৯টি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি অথবা বিদ্যমান পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে।

বর্তমানে দেশের চারটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এগুলো হলো—সুরমা নদীর ছাতক, কুশিয়ারা নদীর মারকুলি ও ফেঞ্চুগঞ্জ এবং সোমেশ্বরী নদীর কলমাকান্দা স্টেশন।

তবে পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে পূর্বাভাস কেন্দ্র। আগামী ২৪ ঘণ্টায় বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাঙ্গু ও মাতামুহুরী নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পরিস্থিতির উন্নতি হতে পারে।

১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। একই সঙ্গে চিকিৎসক, ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম ও প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রতিটি জেলার স্বাস্থ্য পরিস্থিতি তদারকিতে একজন করে জ্যেষ্ঠ চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সার্বক্ষণিক তথ্য সংগ্রহ ও সমন্বয়ের কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বন্যার কারণে যেন কোনো মানুষ চিকিৎসাবঞ্চিত না হন, সে জন্য পর্যাপ্ত ওষুধ, স্যালাইন, অ্যান্টিভেনম, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে কেন্দ্রীয় পর্যায় থেকে অতিরিক্ত মেডিকেল টিম পাঠানো হবে।

তিনি জানান, বন্যার সময় সাপে কাটার ঝুঁকি বাড়তে পারে। তাই ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বন্যার প্রথম রাতে ভর্তি হওয়া পাঁচজন সাপে কাটা রোগীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে এবং তারা সবাই সুস্থ আছেন।

স্বাস্থ্য সচিব মো. কামরুজ্জামান চৌধুরী জানান, বন্যাকবলিত এলাকায় সাপে কাটা ৯৫ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে কেন্দ্রীয়ভাবে এক হাজারের বেশি ভায়াল অ্যান্টিভেনম মজুত রয়েছে। জেলা পর্যায়ে রয়েছে ২১ হাজার ভায়াল এবং আগামী ১৫ দিনের মধ্যে আরও ২৫ হাজার ভায়াল যুক্ত হবে।

তিনি আরও জানান, বন্যাপরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ওআরএস, স্যালাইন ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে। ডায়রিয়া, কলেরা ও অন্যান্য রোগ মোকাবিলায় বিশেষ মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, জাতীয় স্বাস্থ্যসেবা কল সেন্টার ও স্বাস্থ্য বাতায়নের মাধ্যমে বন্যাকবলিত এলাকার স্বাস্থ্য পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য—বন্যার কারণে যেন একজন মানুষও চিকিৎসার অভাবে প্রাণ না হারান।
সানা/এসি/আপ্র/১৩/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন
২৮ জুলাই ২০২৬

বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলো চীন

বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার)...

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়
২৮ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুত ইসি, ভোটের তারিখ এখনো চূড়ান্ত নয়

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে ভোটের দিনক্...

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান
২৮ জুলাই ২০২৬

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান

জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিতের মাধ্যমে হেপ...

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি
২৮ জুলাই ২০২৬

রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীকে এলোপাতাড়ি গুলি

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আব্দুল করিম (১৮) নামে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই