গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

মেনু

এমবাপের জোড়া গোলে বার্সেলোনার মাঠে রিয়াল মাদ্রিদের জয়োল্লাস

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:২০ পিএম, ২৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫২ এএম ২০২৬
এমবাপের জোড়া গোলে বার্সেলোনার মাঠে রিয়াল মাদ্রিদের জয়োল্লাস
ছবি

ছবি সংগৃহীত

ম্যাচ জুড়ে বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করল বার্সেলোনা। সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। বিরতির পর ম্যাচে ফেরার উপলক্ষ পেল হান্সি ফ্লিকের দল। কিন্তু শেষ দিকে তারা হজম করল আরেকটি গোল। কিলিয়ান এমবাপের জোড়া গোলে দারুণ জয়ে শিরোপাধারীদের সঙ্গে ব্যবধান কমাল জুজে মরিনিয়োর দল। 

কাম্প নউয়ে রোববার মৌসুমের প্রথম ক্লাসিকোয় লা লিগার ম্যাচটি ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের একমাত্র গোলটি করেছেন হাফিনিয়া। এবারের লা লিগায় ৯ জয়ের পর প্রথম ও সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দ্বিতীয় হারের তেতো স্বাদ পেল বার্সেলোনা। 

গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির মাঠে ৪-২ গোলে হেরেছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে ঘরের মাঠে ফেভারিট ছিল বার্সেলোনাই। 

তবে সব হিসাব পাল্টে দিল রিয়াল। ১৩ বছর পর মরিনিয়োর ক্লাসিকোয় ফেরার উপলক্ষ রাঙালেন এমবাপেরা। এ দিন দলটির হয়ে গোলের সেঞ্চুরি পূর্ণ করেন ফরাসি তারকা।


১০ ম্যাচে আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আগের মতো তিন নম্বরেই আছে রিয়াল। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে আতলেতিকো মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে ছয়টি লক্ষ্যে রাখতে পারে বার্সেলোনা। 

রেয়ালের ১০ শটের পাঁচটি লক্ষ্যে ছিল। ম্যাচের কয়েক ঘন্টা আগে বড় ধাক্কা খায় রিয়াল। অসুস্থতায় মহারণ থেকে ছিটকে যান দলটির মূল গোলরক্ষক তিবো কোর্তোয়া। শুরু থেকে বল দখলে রেখে খেলতে থাকে বার্সেলোনা। দলটির একটি ভুলের সুযোগে বল পেয়ে পঞ্চম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন আর্দা গুল্যার। 

তবে শট লক্ষ্যে রাখতে পারেননি রিয়াল মিডফিল্ডার। দুই পক্ষে আক্রমণ-পাল্টা আক্রমণ চললেও, প্রতিপক্ষ গোলরক্ষককে খুব একটা পরীক্ষায় ফেলার মতো কিছু করতে পারছিল না কেউ। প্রথম ১৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের দুটি শট সহজেই ঠেকান মৌসুমে প্রথমবার রেয়ালের পোস্ট সামলাতে নামা আন্দ্রি লুনিন। ১৯তম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে পারে রিয়াল। 

বক্সের বাইরে থেকে গুল্যারের নিচু শট ঠেকান গোলরক্ষক জোয়ান গার্সিয়া। ২২তম মিনিটে পেদ্রির দারুণ নৈপুণ্যের পর বল পেয়ে বক্সের বাইরে থেকে উড়িয়ে মারেন বার্সেলোনা অধিনায়ক হাফিনিয়া।


২৪তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এমবাপে। পরক্ষণেই অন্য প্রান্তে আরেকটি সুযোগ পান হাফিনিয়া। গর্ডনের ব্যাকহিল ফ্লিকে বল পেয়ে পোস্টের বাইরে দিয়ে মারেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 

চোটের কারণে আগেই কয়েকজন খেলোয়াড় হারানো বার্সেলোনা ৩০তম মিনিটে খায় আরেক ধাক্কা। প্রতিপক্ষের অহেলিয়া চুয়ামেনির সঙ্গে বল দখলের লড়াইয়ে পায়ে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার শাভি এস্পার্ত। 

তার বদলি নামেন আলেহান্দ্রো বাল্দে। ৩৩তম মিনিটে একটি হাফ চান্স পান এমবাপে। গুল্যারের ক্রসে বক্সে ছুটে গিয়ে ভলি লক্ষ্যে রাখতে পারেননি ফরাসি তারকা। পরের মিনিটে কাছের পোস্টে গর্ডনের শট হাত বাড়িয়ে ঠেকান লুনিন। 

৪১তম মিনিটে বার্সেলোনার ভুলে আর ভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় রিয়াল। বক্সে ইয়ান ডিওমান্ডের পাস ক্লিয়ার করার চেষ্টায় বার্সেলোনা ডিফেন্ডার জেরার্দ মার্তিন বল মেরে বসেন ছুটে যাওয়া এমবাপের পায়ে, জড়িয়ে যায় জালে! দুই মিনিট পর দলকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ হারান ইয়ামাল। 

ছয় গজ বক্সের কোণায় ফাঁকায় বল পেয়ে ওয়ান-অন-ওয়ানে বাইরে মারেন স্প্যানিশ তারকা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ডিওমান্ডে। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পাশের জালে বল মারেন আইভরি কোস্টের উইঙ্গার। 

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে খেলতে থাকে বার্সেলোনা। রিয়াল চেষ্টা করে যায় ব্যবধান বাড়ানোর। ৬১তম মিনিটে গোলের দেখা পায় বার্সেলোনা। কর্নারে পেদ্রি বল পেয়ে বক্সে বাড়ান হাফিনিয়াকে। ব্রাজিলিয়ান তারকার শট ঝাঁপিয়ে পড়া লুনিনের হাত ছুঁয়ে জালে জড়ায়।


চলতি লা লিগার সর্বোচ্চ স্কোরার হাফিনিয়ার গোল হলো ১০ ম্যাচে ১৩টি। পাঁচ মিনিট পর এগিয়েও যেতে পারত বার্সেলোনা। কর্নারে মার্তিনের জোরাল হেড জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে শেষ মুহূর্তে এক হাতে বল ফিরিয়ে দেন লুনিন। ৭৮তম মিনিটে বক্সের বাইরে থেকে ইয়ামালের শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। 

ড্রয়ের পথে যখন এগোচ্ছিল ম্যাচ, তখন নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান গড়ে দেন এমবাপে। মাঝমাঠে দারুণ নৈপুণ্যে ব্যাকহিল ফ্লিকে জুড বেলিংহ্যাম বল দেন মিনিট সাতেক আগে বদলি নামা এদুয়ার্দো কামাভিঙ্গাকে। 

সেখানে গুল্যারকে পাস দিয়ে এগিয়ে যান ফরাসি মিডফিল্ডার। এরপর সতীর্থের ফিরতি পাস ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের একজনের বাধা এড়িয়ে কাট-ব্যাক করেন তিনি। গোলরক্ষক আগেই পোস্ট ছেড়ে অন্য পাশে চলে আসায় ফাঁকা জালে বল পাঠান এমবাপে। 

 

গোলের পর ডাগআউটের পাশে হাঁটু গেড়ে কিছুটা স্লাইড করে উদযাপন করেন মরিনিয়ো। চলতি মৌসুমে লা লিগায় ১০ ম্যাচে এমবাপের গোল হলো ১১টি। রেয়ালের জার্সিতে সব মিলিয়ে ১১৬ ম্যাচে শত গোলের মাইলফলক স্পর্শ করলেন ২৭ বছর বয়সি এই ফরোয়ার্ড।

ডিসি/আপ্র/২৬/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ
২৬ অক্টোবর ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই দলের অবস্থান পুরোপুরি বিপরীত। বাংলাদেশ দলের সাম...

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন
২৬ অক্টোবর ২০২৬

সর্বোচ্চ দাম শরিফুলের, ২ কোটিতে তানজিদের সঙ্গে তাসকিন

আগামী ডিসেম্বরে মাঠে গড়াতে যাচ্ছে বিসিবির নতুন টুর্নামেন্ট ডমেস্টিক থ্রি বা ডি থ্রি ট্রফি। যার শুরুট...

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম
২৬ অক্টোবর ২০২৬

২৩ বছর পর ট্রফি জেতার স্বপ্নটা পূরণ করতে চাই: তপু বর্ম

ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ, দীর্ঘ ৮ বছর পর দেশের দর্শকদের সামনে শিরোপা জয়ের হাতছানি। বাংলাদেশের অভি...

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি
২৬ অক্টোবর ২০২৬

বিগ ব্যাশে খেলবেন মোস্তাফিজ, মিস করবেন ডি থ্রি ট্রফি

বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 20 ঘন্টা আগে