শাহনেওয়াজ কবির ইমন
তুমি সেই বনলতা, তুমি যে সেই মোহ মায়া;
যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না।
হাঁটুতে থুতনি রেখে সলাজ হাসিতে মধুরিমা
তুমি, তোমাকে ভালোবাসতে ভাবতে হয় না।
অনিন্দ্য সুন্দরী তুমি, প্রেমিক মনের চারুলতা;
আবদ্ধ হৃদয় গহ্বরে যার নিত্য আসা যাওয়া।
পরতে পরতে প্রেমের মাধুরী মেশানো নেশা;
তোমাকে ভালোবাসতে আয়োজন লাগে না।
তুমি সেই প্রেমময় এক উপন্যাসের নায়িকা;
যাকে ভালোবেসে পুরো জীবন ফুরানো যায়।
হাসি আর লজ্জায় মাখামাখি, মোনালিসা;
যাকে ভালোবাসতে কোনো কার্পণ্য বোধ হয় না।
আধো আলো ছায়াতে তুমি ঘোর লাগা পরী;
যার জন্য হাজার বছর অপেক্ষার প্রহর গুনি।
তুমি সেই নতমুখে আনত নয়নে আবেগের খনি;
তোমার কারণে একান্তেই হৃদয়ের শব্দ শুনি।
তুমি হৃদয় গহিনে লুকিয়ে থাকা অলীক মায়া,
যার জন্য দু’কূল ছাপিয়ে দুচোখে প্লাবন ঝরা।
আলুথালু শাড়ির ছড়ানো আঁচলে পরিণীতা
তুমি, তুমি যে ছল বিনে অকারণ ভালোবাসা।
তোমায় ভালোবাসতে কোনো কারণই লাগে না।
কেএমএএ/আপ্র/৩০.১০.২৬