চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। একই গ্রামের পাঁচ শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া; স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
নিহত শিশুরা হলো-চরচাকলা গ্রামের মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), মো. নিজামউদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১২)। তারা সম্পর্কে আপন দুই বোনসহ মামাতো, ফুপাতো ও চাচাতো বোন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সময় পাঁচ শিশু কাউকে না জানিয়ে পাশের মরা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয় একজন বিষয়টি দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন এবং একে একে পাঁচ শিশুর মরদেহ উদ্ধার করেন। কিছু প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে একজন পানিতে ডুবে যেতে থাকলে অন্যরা তাকে উদ্ধারে এগিয়ে যায়; পরে একে একে তারাও পানিতে তলিয়ে যায়।
স্থানীয়ভাবে নদীটি ‘মরা নদী’ নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি পানিতে ভরে যায়। বছরের অন্য সময়ে সেখানে তেমন পানি থাকে না; নদীর তলদেশ ও আশপাশের জমিতে কৃষিকাজও করা হয়। সাম্প্রতিক বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে এবার নদীটিতে পানি জমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে শিশুরা মরা নদীর বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পাঁচ শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চরচাকলা গ্রামসহ আশপাশের এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
সানা/এসি/আপ্র/২৮/৮/২০২৬