হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইরানি বার্তাসংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
বিপ্লবী গার্ডের ইলেকট্রনিক যুদ্ধ ইউনিটের এক বিবৃতিতে বলা হয়, তাদের যোদ্ধারা হরমুজের পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন নিরাপদে মাটিতে নামিয়ে এনেছেন।
বিবৃতিতে আরও দাবি করা হয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শনাক্ত করাই ছিল ড্রোনটির উদ্দেশ্য। ড্রোন থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে বিপ্লবী গার্ডের নৌ বিশেষজ্ঞরা ধারণা করেছেন, এটি পারস্য উপসাগরীয় কোনো দেশের উপকূল থেকে উড়ানো হয়েছিল।
এর আগে ইরানের বিপ্লবী গার্ড একটি এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার তথ্য জানিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর হরমুজ প্রণালি বন্ধ করে দেয় ইরান। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানিবাহী জাহাজের চলাচল স্বাভাবিক নেই।
ইরান নতুন করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না।
সূত্র: আলজাজিরা
ডিসি/ আপ্র/২৯/১০/২০২৬