গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

মেনু

নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪২ পিএম, ২৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
নেতানিয়াহুর জোটের জয়েও সরকার গঠন নিয়ে রয়েছে অনিশ্চয়তা
ছবি

ছবি সংগৃহীত

ইসরায়েলের সাধারণ নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে রয়েছেন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের তুলনায় এগিয়ে থাকলেও পার্লামেন্টে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন থেকে পিছিয়ে রয়েছে তার জোট। ফলে দেশটিতে পরবর্তী সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

বুধবার ৮৫ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তাদের উগ্র ডানপন্থী ও অতি-রক্ষণশীল ইহুদি মিত্ররা পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৫৩টি পেতে পারে। অন্যদিকে, সাবেক সামরিক প্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি এবং তার জোটের আরও তিনটি ইহুদি বিরোধী দল মিলিয়ে ৪৮টি আসন পেতে পারে।

সরকার গঠনের জন্য উভয় নেতাকেই এখন জোট সম্প্রসারণের চেষ্টা করতে হবে। এক্ষেত্রে আরব নেতৃত্বাধীন দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দলগুলো সম্মিলিতভাবে রেকর্ড ১৯টি আসন পেতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। তবে ইহুদি দলগুলোর মধ্যে মাত্র একটি ছাড়া বাকিরা আরব দলগুলোর সঙ্গে জোট গঠনে অনাগ্রহের কথা জানিয়েছে।

এখনো সেনাসদস্য, কূটনীতিক ও হাসপাতালে চিকিৎসাধীন রোগীদেরসহ বিভিন্ন শ্রেণির ভোটারদের দেওয়া ৪ লাখ ৩০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার অনুপস্থিত ভোট গণনা বাকি রয়েছে। ফলে চূড়ান্ত ফলাফল পেতে আরও এক থেকে দুই দিন লাগতে পারে।

চূড়ান্ত ফল নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবেন। এরপর যাকে সরকার গঠনের সবচেয়ে বেশি সম্ভাবনাময় মনে হবে, তাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন তিনি। পুরো প্রক্রিয়ায় কয়েক সপ্তাহ লেগে যেতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ সরকার গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচন আয়োজনের প্রয়োজন হতে পারে।

মঙ্গলবারের নির্বাচনে ৭৭ দশমিক ৭ শতাংশ ভোটার অংশ নিয়েছেন, যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সর্বোচ্চ ভোটদানের হার। বুধবার জেরুজালেমে নিজের বাসভবনে এক বৈঠকে এই অংশগ্রহণের প্রশংসা করেন প্রেসিডেন্ট হারজগ। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক ফল পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করবেন বলেও জানান তিনি। একই সঙ্গে আরেকটি নির্বাচন এড়াতে সব পক্ষকে খোলা মন নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান।

নির্বাচনের প্রাথমিক বুথফেরত জরিপে আইজেনকোটের ‘চেঞ্জ ব্লক’ নেতানিয়াহুর জোটের চেয়ে এগিয়ে থাকার আভাস পাওয়া গিয়েছিল। তবে পরবর্তী সময়ে জরিপের হিসাব পরিবর্তিত হয়। শেষ পর্যন্ত ভোট গণনার অগ্রগতিতে নেতানিয়াহুর জোটের অবস্থান প্রত্যাশার চেয়ে ভালো দেখা যায়। যদিও আগের পার্লামেন্টে জোটটির নিয়ন্ত্রণে থাকা আসনের তুলনায় এবার তাদের আসন ১৫টি কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আইজেনকোট নির্বাচনের পর দাবি করেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। অন্যদিকে নেতানিয়াহু তার ডানপন্থী জোটের জয়কে বড় সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, ইসরায়েলের নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কোনো আরব দলনির্ভর সরকার গঠন করা উচিত নয়।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর এটিই ইসরায়েলের প্রথম সাধারণ নির্বাচন। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২৫১ জন জিম্মি হয়েছিলেন। এরপর গাজা, লেবানন ও ইরানকে ঘিরে সংঘাত ও যুদ্ধ ইসরায়েলের রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে।

নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে ছিল ৭ অক্টোবরের নিরাপত্তাব্যর্থতার জবাবদিহি, আঞ্চলিক যুদ্ধ পরিচালনা, অতি-রক্ষণশীল ইহুদি পুরুষদের সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ, বিচারব্যবস্থার সংস্কার এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের অবস্থান।

ভোটারদের মধ্যেও নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে মতভেদ স্পষ্ট হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের বিরোধী দলকে ভোট দেওয়া কাফর সাবার বাসিন্দা আভিগাইল লেভিন নতুন নেতৃত্বের আশা করেছিলেন বলে জানান। তার মতে, ৭ অক্টোবরের হামলার সময় যারা ক্ষমতায় ছিলেন, তাদের আর ক্ষমতায় থাকা উচিত নয়।

অন্যদিকে নেতানিয়াহুকে ভোট দেওয়া রামাত গানের বাসিন্দা গাল বলেন, প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে বসবাসের বিষয়ে তিনি আশাবাদী হতে পারছেন না। একই সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর শক্তি বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নির্বাচনে কারচুপির অভিযোগও উঠেছে। বুধবার লিকুদ পার্টি দাবি করে, ঘুষ, হুমকি, সহিংসতা, জালিয়াতি এবং নিষিদ্ধ সফটওয়্যার ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করা হয়েছে। তবে দলটি অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দেয়নি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি জানিয়েছে, নির্বাচনের পর্যালোচনার অংশ হিসেবে অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।

এদিকে আরব নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট ও জয়েন্ট লিস্টের আসন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ আরব নাগরিক। তাদের মধ্যে অনেকে নিজেদের ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলি নাগরিক হিসেবে পরিচয় দেন।

আরব ভোটারদের অংশগ্রহণ বৃদ্ধিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন হাইফার কাছের একটি গ্রামের বাসিন্দা মাহদি কাবাহা। জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিনের মতে, উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরকে ক্ষমতা থেকে সরানোর আকাঙ্ক্ষাও আরব ভোটারদের উৎসাহিত করেছে।

জয়েন্ট লিস্টের নেতা জাবারিন বলেছেন, ইসরায়েলের বিরোধী দলগুলো যদি সত্যিকারের পরিবর্তন এবং উগ্র ডানপন্থী সরকারের বিকল্প চায়, তাহলে তাদের আরব দলগুলোর সঙ্গে আলোচনায় বসতে হবে। সব মিলিয়ে নির্বাচনে নেতানিয়াহুর জোট এগিয়ে থাকলেও সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ইসরায়েলের পরবর্তী সরকার কারা গঠন করবে, তা এখনো অনিশ্চিত। আরব দলগুলোর সমর্থন নেওয়া হবে কি না, ওই সিদ্ধান্তই সরকার গঠনের সমীকরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

কেএমএএ/আপ্র/২৯.১০.২৬

সংশ্লিষ্ট খবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত
২৯ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, জনজীবন বিপর্যস্ত

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের কারণে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনাসহ উপকূলীয় এলাকায় টানা ব...

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন
২৯ অক্টোবর ২০২৬

ইলন মাস্ককে ‘প্রকৃত প্রতিভাবান’ আখ্যা দিয়েছেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ককে ‘প্র...

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
২৯ অক্টোবর ২০২৬

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে ৬৮ জন নিহত হওয়ার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে দেশটির সরকার।...

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের
২৯ অক্টোবর ২০২৬

হরমুজ প্রণালিতে মার্কিন স্পাই ড্রোন আটকানোর দাবি ইরানের

হরমুজ প্রণালির পশ্চিমাঞ্চলে যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা ড্রোন নিরাপদে ভূপাতিত করার দাবি করেছে ইরানে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 3 দিন আগে