গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের আগমন

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

আব্দুস সালাম রানা, উপজেলা প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

প্রকাশিত: ০১:১৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:১০ এএম ২০২৬
সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন শাবকের আগমন
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর সাফারি পার্কে জলহস্তী পরিবারে নতুন অতিথির আগমন ঘটেছে। সম্প্রতি একটি শাবকের জন্ম হয়েছে। নতুন শাবককে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে মা জলহস্তী। কখনো গভীর পানিতে ডুব দিয়ে হারিয়ে যাচ্ছে, আবার হঠাৎ ভেসে উঠছে; কখনো কচুরিপানার আড়ালে লুকিয়ে থাকছে। নতুন শাবকের খুনসুটিতে জলহস্তীর বেষ্টনীতে তৈরি হয়েছে আনন্দমুখর পরিবেশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তারেক রহমান নতুন শাবকের জন্মের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঠিক কোন তারিখে শাবকটির জন্ম হয়েছে, তা নিশ্চিত করে বলা সম্ভব হয়নি। প্রায় দেড় সপ্তাহ আগে প্রথমবার মা জলহস্তীর সঙ্গে শাবকটিকে পানির বাইরে ডাঙায় উঠতে দেখা যায়। পার্কের কর্মীরা কাছে গেলে মা ও শাবকটি দ্রুত গভীর পানিতে ডুব দেয়। এখনো শাবকটির লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি। এ জন্য আরও কিছুদিন সময় লাগবে। বর্তমানে নতুন শাবকসহ পার্কে জলহস্তীর সংখ্যা পাঁচটি।

পার্কের বন্য প্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, জন্মের পর থেকে শাবকটি সুস্থ রয়েছে। মা জলহস্তী সার্বক্ষণিকভাবে শাবকটিকে আগলে রাখছে। শাবকের পুষ্টির কথা বিবেচনা করে মা জলহস্তীসহ তাদের খাবারের পরিমাণ বাড়ানো হয়েছে। দিনের বেশিরভাগ সময়ই শাবকটি মায়ের সঙ্গে পানিতে থাকছে। শরীরের বেশিরভাগ অংশ পানিতে ডুবিয়ে শুধু চোখ বের করে কচুরিপানার ভেতর লোকচক্ষুর আড়ালে থাকছে। মাঝেমধ্যে ডাঙায় উঠে রোদ পোহাতেও দেখা যাচ্ছে তাকে। বর্তমানে শাবকটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

রাজু আহমেদ জানান, জলহস্তীর প্রজনন সাধারণত পানির ভেতরেই সম্পন্ন হয়। স্ত্রী জলহস্তী সাধারণত পাঁচ থেকে ছয় বছর এবং পুরুষ জলহস্তী সাত থেকে আট বছর বয়সে প্রজননের উপযোগী হয়। স্ত্রী জলহস্তীর গর্ভধারণকাল প্রায় ২৪০ দিন বা আট মাস। সাধারণত একবারে একটি শাবকের জন্ম দেয় এ প্রাণী। জন্মের পরপরই শাবককে পানির ওপরে উঠে প্রথম শ্বাস নিতে হয়। পানির নিচে ও ডাঙা - দুই জায়গাতেই শাবক মায়ের দুধ পান করতে পারে। মা জলহস্তী শাবকের প্রতি অত্যন্ত সুরক্ষামূলক আচরণ করে এবং সম্ভাব্য শিকারি প্রাণীর আক্রমণ থেকে তাকে রক্ষায় আক্রমণাত্মক হয়ে উঠতে পারে।

জলহস্তীর আচরণ পানি ও ডাঙায় ভিন্ন ধরনের। পানিতে নিজেদের এলাকা রক্ষায় পুরুষ জলহস্তী বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। তবে ডাঙায় থাকলে সাধারণত অন্যদের এলাকার বিষয়ে তেমন মাথা ঘামায় না। দিনের প্রচণ্ড তাপ থেকে বাঁচতে তারা পানিতে বা কাদায় শরীর ডুবিয়ে রাখে। সংবেদনশীল ত্বককে ঠান্ডা ও আর্দ্র রাখতে পানি ও কাদা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পানির নিচে ও ওপরে বিভিন্ন ধরনের গর্জন ও ফুঁসানির শব্দের মাধ্যমে তারা পরস্পরের সঙ্গে যোগাযোগ করে।

বৃহৎ আধা-জলচর স্তন্যপায়ী
প্রাণিবিদ্যা বিশেষজ্ঞদের মতে, জলহস্তী আধা-জলচর স্তন্যপায়ী প্রাণী। জলজ ও স্থলজ - উভয় পরিবেশেই এরা খাপ খাইয়ে নিতে পারে। স্থলচর প্রাণীদের মধ্যে হাতির পর জলহস্তী অন্যতম বৃহৎ প্রাণী। এদের চামড়া অত্যন্ত পুরু এবং শরীরে খুব সামান্য লোম থাকে। জলহস্তী মুখ প্রায় ১৫০ ডিগ্রি পর্যন্ত খুলতে পারে। নিচের চোয়ালের দাঁত প্রায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে, যা আত্মরক্ষা ও লড়াইয়ে ব্যবহার করে।

জলহস্তীর চোখ, কান ও নাসারন্ধ্র মাথার ওপরের দিকে অবস্থান করায় শরীরের অধিকাংশ অংশ পানিতে ডুবিয়ে রেখেও তারা দেখতে, শুনতে ও শ্বাস নিতে পারে। পানির নিচে ডুবে যাওয়ার সময় নাক ও কান স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করার সক্ষমতাও রয়েছে তাদের।

জলহস্তী মূলত তৃণভোজী। তাদের প্রধান খাবার ঘাস। ডাঙার নরম ও ছোট ঘাসই বেশি পছন্দ করে। দিনের বড় একটি সময় পানিতে কাটানোর পর সাধারণত সূর্যাস্তের দিকে ডাঙায় উঠে ঘাস খায়। মাঝে মাঝে বুনো ফলমূল ও উদ্ভিদও খেয়ে থাকে। তবে পানির ভেতরের জলজ উদ্ভিদ তাদের প্রধান খাদ্য নয়। দেখতে শান্ত প্রকৃতির মনে হলেও জলহস্তী অত্যন্ত শক্তিশালী ও আক্রমণাত্মক প্রাণী হিসেবে পরিচিত।
সানা/আপ্র/২৯/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
২৯ সেপ্টেম্বর ২০২৬

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে বাপ্পি (৩২) ন...

ঘাটাইলের নতুন ইউএনও হচ্ছেন নূরী তাসমিন উর্মি
২৯ সেপ্টেম্বর ২০২৬

ঘাটাইলের নতুন ইউএনও হচ্ছেন নূরী তাসমিন উর্মি

মো. আকরাম হোসেন: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৩৭তম...

ফরিদপুরে বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি
২৯ সেপ্টেম্বর ২০২৬

ফরিদপুরে বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি: পাবনার ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযানে চায়না রাইফেলের ১৫ রাউন্ড তাজা গুলি...

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ
২৮ সেপ্টেম্বর ২০২৬

বৈশ্বিক মেরিন খাতে অনন্য উচ্চতায় বাংলাদেশ

অধ্যয়নকালেই ৪০ তরুণের হাতে দেড় লাখ টাকার চাকরি

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে