সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে দা দিয়ে কুপিয়ে সুধা রানী মন্ডল (৫৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করেছে পুলিশ। হামলায় অভিযুক্তের মা কমলা রানী মন্ডল (৫০) ও চাচাতো ভাই সমীর কুমার মন্ডল (২৮) আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে শ্যামনগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রমেশ মন্ডল দা দিয়ে তাঁর মা, চাচি সুধা রানী মন্ডল এবং চাচাতো ভাই সমীর কুমার মন্ডলকে আঘাত করেন।
পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক সুধা রানী মন্ডলকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সমীর কুমার মন্ডলকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কমলা রানী মন্ডল শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত সুধা রানী মন্ডলের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাফিউল ইসলাম পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত রমেশ মন্ডলকে আটক করা হয়েছে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬