ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযানে ১৯৮টি ইয়াবাসহ জাকিরুল ইসলাম (৩৯) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ১ নম্বর বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দনপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য এবং কুলানন্দনপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কুলানন্দনপুর বাজার এলাকায় অভিযান চালায় ঘোড়াঘাট থানা-পুলিশ। উপপরিদর্শক রাজা মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় জাকিরুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাঁর সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি পালিয়ে যান।
পরে জাকিরুল ইসলামের পরিহিত লুঙ্গির ডান কোচে তল্লাশি চালিয়ে একটি সাদা জিপারযুক্ত পলিপ্যাকে রাখা ১৯৮টি ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, স্থানীয় লোকজনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের সময় তিনি ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের কাছে রাখার কথা স্বীকার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসান জানান, এ ঘটনায় জাকিরুল ইসলামসহ আরও দুই থেকে তিনজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার জাকিরুল ইসলামকে শুক্রবার (১৬ অক্টোবর) আদালতে পাঠানোর কথা রয়েছে।
সানা/আপ্র/১৬/১০/২০২৬