টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে সাহিত্যিক ও শিক্ষক জে এইচ মোল্ল্যার জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সাহিত্য অনুষ্ঠানের আয়োজন করেছে শুচি পাঠচক্র ও পাঠাগার। গত সোমবার (২ নভেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা ও সৃজনশীল চর্চার গুরুত্ব তুলে ধরেন স্থানীয় বিশিষ্টজনেরা।
আবৃত্তিশিল্পী মোস্তফা কামাল বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও অভিনয়শিল্পী শাহজাহান শোভন।
আলোচনায় অংশ নেন অ্যাডভোকেট শওকত আলী, শেকানুল ইসলাম শাহী, নিজাম উদ্দিন, মোকসেদ মিলন, আলী নেওয়াজ রাসেল, মাধব আচার্য্য, আজিজ টিপু, কবি আতিক শাহারিয়ার, মনিরুল ইসলাম রাজিব, সালাম খান তরুণ, দুখুসহ স্থানীয় সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী ব্যক্তিরা।
বক্তারা জে এইচ মোল্ল্যার জীবন, সাহিত্যকর্ম, শিক্ষকতা এবং শিক্ষা ও সমাজে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, একজন সাহিত্যিক ও শিক্ষক কেবল জ্ঞান বিতরণ করেন না, নিজের চিন্তা, সৃজনশীলতা ও আদর্শের মাধ্যমে সমাজকেও আলোকিত করেন। নতুন প্রজন্মের মধ্যে সাহিত্যপাঠ, মননশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের জন্মজয়ন্তী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বক্তারা আরো বলেন, প্রযুক্তিনির্ভর জীবনের পাশাপাশি বই পড়া ও সাহিত্যচর্চার অভ্যাস গড়ে তোলা জরুরি। সুস্থ সংস্কৃতি ও মানবিক সমাজ বিনির্মাণে পাঠাগার এবং সাহিত্যভিত্তিক সংগঠনগুলোর কার্যক্রম আরো বিস্তৃত করতে হবে।
অনুষ্ঠানে কবি, লেখক, আবৃত্তিশিল্পী, সংস্কৃতিকর্মী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে শুচি পাঠচক্র ও পাঠাগারের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সানা/আপ্র/০৩/১১/২০২৬