দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাব্বির রহমানকে নিয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ এই ব্যাটারকে রেখেই টুর্নামেন্টের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল সাজিয়েছে নির্বাচকরা।
আগামী ১৯ থেকে ২৯ নভেম্বর কাতারে বসবে এই প্রতিযোগিতার এবারের আসর। মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের তালিকা প্রকাশ করে বিসিবি। সাব্বিরের পাশাপাশি দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের হয়ে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার।
তাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব ও পারভেজ হোসেন ইমন। সাব্বিরের অন্তর্ভুক্তি দল ঘোষণায় আলাদা নজর কেড়েছে। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন এই ডানহাতি ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে তিন সংস্করণেই খেলার অভিজ্ঞতা রয়েছে তার। তবে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা সাব্বিরের সামনে এটি নিজেকে নতুন করে প্রমাণের সুযোগ।
এবারের এশিয়া কাপ রাইজিং স্টার্স হবে ওয়ানডে সংস্করণে। আট দলকে নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় বাংলাদেশ 'এ' দল রয়েছে 'এ' গ্রুপে। তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা 'এ', আফগানিস্তান 'এ' ও হংকং। অন্য গ্রুপে রয়েছে ভারত 'এ', পাকিস্তান 'এ', নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।
নভেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ২১ নভেম্বর আফগানিস্তান 'এ' এবং ২৩ নভেম্বর শ্রীলঙ্কা 'এ' দলের মুখোমুখি হবে বাংলাদেশ। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে। ২৬ ও ২৭ নভেম্বর হবে শেষ চারের লড়াই, ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল।
এশিয়া কাপ রাইজিং স্টার্সের প্রাথমিক দল:
মোহাম্মদ নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, ইফতেখার হোসেন ইফতি, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী চৌধুরী, সাব্বির রহমান, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, ইরফান শুক্কুর, সামিউন বাসির রাতুল, রাকিবুল হাসান, মো. রুবেল, রিপন মণ্ডল, ইকবাল হোসেন ইমন, চৌধুরী এমডি রিজওয়ান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, এস এম মেহেরব ও আমিনুল ইসলাম বিপ্লব।
ডিসি/আপ্র/০৩/১১/২০২৬