৪১ বছর বয়সেও মাঠে অদম্য ক্রিশ্চিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে প্রথম খেলোয়াড় হিসেবে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়ে চলেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে তাঁর সাফল্যের পেছনে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁর খাবারের তালিকায় কী থাকে, তা নিয়ে ভক্তদের কৌতূহলও কম নয়।
রোনালদোর খাবারের তালিকায় ভাজাপোড়া, অ্যালকোহল ও চিনি থাকে না—এ তথ্য অনেকেরই জানা। তবে তাঁর খাদ্যতালিকায় এমন একটি খাবারও নেই, যা খেলোয়াড়দের জন্য প্রোটিন ও ক্যালসিয়ামের অন্যতম প্রধান উৎস। সেটি হলো দুধ। শুধু দুধই নয়, দুধ থেকে তৈরি কোনো দুগ্ধজাত খাবারও খান না পর্তুগিজ এই তারকা।
রোনালদোর সাবেক ব্যক্তিগত শেফ জর্জিও ব্যারোন জানিয়েছেন, পর্তুগিজ সুপারস্টার সম্পূর্ণভাবে দুধ ও দুগ্ধজাত খাবার এড়িয়ে চলেন। মানুষের অন্য প্রাণীর দুধ পান করার বিষয়ে তাঁর ভিন্ন দৃষ্টিভঙ্গিই এর কারণ।
কভার্সডটকমকে ব্যারোন বলেন, ‘দুধ একদম থাকে না। মানুষই একমাত্র প্রাণী, যারা অন্য প্রাণীর দুধ পান করে। অন্য কোনো প্রাণী তিন মাস পর দুধ পান করে না, যেমন বাছুর। এক প্রাণী আরেক প্রাণীর দুধ পান করে না। প্রকৃতিতে এমনটা দেখা যায় না। কেবল মানুষ ৩০, ৪০, ৫০ ও ৬০ বছর বয়স পর্যন্ত দুধ পান করে। দীর্ঘদিন ধরে দুধ পান করা প্রকৃতির সৃষ্টির বিরোধী। সে জন্যই রোনালদো তাঁর খাদ্যতালিকায় দুধ বা দুগ্ধজাত কোনো খাবার রাখেন না।’
তবে খাবারের বিষয়ে রোনালদোর কঠোর কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তাঁর সাবেক এই শেফ। বরং পুষ্টির ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। ব্যারোনের ভাষ্য অনুযায়ী, সকালে অ্যাভোকাডো, ডিম ও চিনি ছাড়া কফি দিয়ে প্রাতরাশ করেন রোনালদো। তাঁর খাবারে কোনো ধরনের মিষ্টি থাকে না।
দিনের বাকি সময়ের খাবার সম্পর্কেও ধারণা দিয়েছেন ব্যারোন। তিনি বলেন, ‘খুব সাধারণ। দুপুরের খাবারে থাকে মুরগি বা মাছের মতো চর্বিহীন প্রোটিন এবং প্রচুর শাকসবজি। চাল বা গম থেকে তৈরি কিছু থাকে না। শাকসবজি থেকেই প্রয়োজনীয় শর্করা সংগ্রহ করে রোনালদোর শরীর। দুপুরের খাবারের মতো রাতেও হালকা খাবার খান। চর্বি ছাড়া মুরগির মাংস বা মাছের পদ। সঙ্গে থাকে শাকসবজি। প্রতিটি খাবার তৈরি করা হয় বিশেষভাবে, যাতে সম্পূর্ণ পুষ্টিগুণ বজায় থাকে।’
দুধের পাশাপাশি কিছু খাবার এড়িয়ে চলেন রোনালদো। ব্যারোন জানান, মিষ্টি, রুটি, পাস্তার মতো গম থেকে তৈরি খাবার এবং প্রক্রিয়াজাত শর্করা সম্পূর্ণভাবে বাদ দিয়েছেন এই ফুটবলার। তবে তাঁর খাবারের তালিকায় থাকে স্বাস্থ্যকর চর্বি ও উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ খাবার।
এসি/আপ্র/০৩/১১/২০২৬