ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভলকানাইজিং দোকানের হাওয়া মেশিন ব্যবহার করে আট বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চচাপের বাতাস ঢুকিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত দোকানমালিক মো. আফজাল হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটি বর্তমানে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ঘোড়াঘাট উপজেলার ২ নম্বর পালশা ইউনিয়নের ডুগডুগীহাট বাজারে আফজাল হোসেনের ভলকানাইজিং দোকানে এ ঘটনা ঘটে। অভিযোগ, শিশুটির পায়ুপথে হাওয়া মেশিনের পাইপ দিয়ে উচ্চচাপের বাতাস প্রবেশ করানো হয়। এতে তার অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং পায়ুপথ ফেটে গুরুতর রক্তাক্ত জখমের সৃষ্টি হয়। এ ঘটনায় শিশুটিকে হত্যার উদ্দেশ্যে নির্যাতনের অভিযোগ এনেছেন তার বাবা।
শিশুটির বাবা মো. শফিকুল ইসলাম জানান, ছেলের সুন্নতে খতনা উপলক্ষে গত ২৫ অক্টোবর তিনি শ্বশুরবাড়ি ঘোড়াঘাট উপজেলার চৌরিয়া গ্রামে যান। ২৬ অক্টোবর ছেলের খতনা সম্পন্ন হওয়ার পর তিনি কর্মস্থল ঢাকায় ফিরে আসেন। গত ২ নভেম্বর সন্ধ্যায় শ্বশুরবাড়ির লোকজনের মাধ্যমে ছেলের গুরুতর অসুস্থতার খবর পান। পরে শিশুটিকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ওই দিন রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবারের দাবি, হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির শরীরের ভেতরে বাতাস প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসাধীন অবস্থায় শিশুটি পরিবারের কাছে জানায়, আফজাল হোসেনের দোকানে হাওয়া মেশিন দিয়ে তার পায়ুপথে বাতাস ঢোকানো হয়েছিল।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান জানান, এ ঘটনায় থানায় নিয়মিত মামলা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিশুটির উন্নত চিকিৎসা ও মামলার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সানা/আপ্র/৭/১১/২০২৬