জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৭ নভেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া কমপ্লেক্সে গিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এদিন দুপুরে রাষ্ট্রপতি শেরেবাংলা নগরের জিয়া কমপ্লেক্সে যান। রাষ্ট্রপতির দপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে। সেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর তাঁদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, সামরিক সচিব মেজর জেনারেল এ এস এ বাহাউদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর সেনাপ্রধানের দায়িত্বে আসেন জিয়াউর রহমান। এরপর মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীতে অভ্যুত্থান ঘটে। এ সময় জিয়াউর রহমানকে গৃহবন্দি করা হয়।
৭ নভেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে যুক্ত মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে বন্দিদশা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে তিনি দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। ১৮ বছর পর এবারই প্রথম সরকারিভাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত হচ্ছে।
সানা/আপ্র/৭/১১/২০২৬