রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে জমির মালিকানা নিয়ে আবারো দুই পক্ষের মধ্যে হট্টগোল ও মারামারির ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ১২-১৩ জনকে আটক করে থানায় নিয়েছে পুলিশ।
ক্যান্টনমেন্ট থানার পরিদর্শক মো. আল আমিন বলেন, “একপক্ষ বলতেছে জমির মালিকানা আমাদের, আরেকপক্ষ বলতেছে তাদের। এ নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারিও হয়েছে।”
তিনি জানান, দুই পক্ষের মধ্যে বিরোধের একপর্যায়ে মারামারি শুরু হয়। এ ঘটনায় জড়িত বেশ কয়েকজনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে ওই দুই পক্ষের পরিচয় বা বিরোধের বিস্তারিত জানাতে পারেননি তিনি।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে একজন নিউ গিনি প্রোপার্টিজে আবার হামলার অভিযোগ জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সন্ধ্যা ৬টার দিকে ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক শিল্পী জানান, ১২-১৩ জনকে থানায় আনা হয়েছে। তবে তখনো তাদের নাম-ঠিকানা লিপিবদ্ধ করা হয়নি।
তিনি বলেন, “মাত্রই তাদেরকে নিয়ে আসা হয়েছে, এখনো তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে গত ২৬ সেপ্টেম্বর রাতে ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রোপার্টিজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় সেখানে থাকা কনটেন্ট নির্মাতা সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ’ স্টুডিওতেও হামলা চালানো হয়।
এ ঘটনায় নিউ গিনি প্রোপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন। মামলায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরো ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
পুলিশ তখন জানিয়েছিল, প্রাথমিক তদন্তে জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিরোধের বিষয়টি সামনে এসেছে। ওই ঘটনায় হামলার পরিকল্পনা ও সরাসরি অংশ নেওয়ার অভিযোগে এ পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আটজন জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার সঙ্গে জড়িত আরো কয়েকজনকে চিহ্নিত করার কথা জানানো হয়েছিল। এর মধ্যেই একই স্থানে জমির মালিকানা নিয়ে ফের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটল।
সানা/কেএমএএ/আপ্র/৭/১১/২০২৬