গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পাঁচ কারখানা বন্ধ, এক ঘোষণায় বেকার আড়াই হাজার শ্রমিক

জেলা প্রতিনিধি, গাজীপুর

জেলা প্রতিনিধি, গাজীপুর

প্রকাশিত: ০১:০৫ পিএম, ০২ জুলাই ২০২৬ | আপডেট: ০৩:১৭ এএম ২০২৬
পাঁচ কারখানা বন্ধ, এক ঘোষণায় বেকার আড়াই হাজার শ্রমিক
ছবি

ছবি সংগৃহীত

গাজীপুরে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান লিথী গ্রুপের পাঁচটি কারখানা একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) থেকে কার্যকর হওয়া এ সিদ্ধান্তে চাকরি হারিয়ে বেকার হয়ে পড়েছেন প্রায় আড়াই হাজার শ্রমিক। একই সঙ্গে অনিশ্চয়তায় পড়েছে তাদের জীবিকা ও বকেয়া পাওনা আদায়ের বিষয়টি।

বুধবার সকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ টানিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে রাতে বিষয়টি নিশ্চিত করেন লিথী গ্রুপের পরিচালক মনিরুজ্জামান।

বন্ধ ঘোষণা করা পাঁচটি প্রতিষ্ঠান হলো অ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড এবং ফমকম নিটিং লিমিটেড।

কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, দীর্ঘদিন ধরে গ্যাসসংযোগ বন্ধ থাকা, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যতে নতুন ক্রয়াদেশের সম্ভাবনা অনিশ্চিত থাকা, বিগত বছরগুলোতে বারবার শ্রমিক আন্দোলন, পণ্যের বিক্রয়মূল্য উল্লেখযোগ্য হারে কমে যাওয়া এবং সময়মতো ব্যাংকঋণ না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো নিয়মিত লোকসানে চলছিল। বর্তমান পরিস্থিতিতে মালিকপক্ষের পক্ষে কারখানা পরিচালনা অব্যাহত রাখা আর সম্ভব হচ্ছে না। এ কারণে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে পরিস্থিতির উন্নতি হলে এবং ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে আগের দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্নিয়োগ দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হবে বলেও জানানো হয়।

লিথী গ্রুপের পরিচালক মনিরুজ্জামান বলেন, সময়মতো ব্যাংকঋণের সহায়তা না পাওয়ায় প্রতিষ্ঠানটি তীব্র অর্থসংকটে পড়ে। এ অবস্থায় কারখানা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তবে শ্রমিকদের পাওনা এখনো পরিশোধ করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতে সব পাওনা পরিশোধ করা হবে।

এদিকে কারখানা বন্ধের ঘোষণার প্রতিবাদে বুধবার সকাল ১০টার দিকে ফমকম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় মানববন্ধন করেন। তারা বকেয়া বেতন পরিশোধ, কারখানা পুনরায় চালু এবং সব পাওনা দ্রুত বুঝিয়ে দেওয়ার দাবি জানান।

শ্রমিকদের অভিযোগ, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ফমকম ফ্যাশন লিমিটেড বন্ধ ঘোষণা করা হয়। সে সময় মে মাসের বেতন ২৩ জুন পরিশোধের আশ্বাস দিলেও কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে তা পরিশোধ করেনি। এখন পাঁচটি কারখানাই বন্ধ হয়ে যাওয়ায় তাদের আয়ের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই শ্রমিক জানান, চাকরি হারানোর পাশাপাশি বকেয়া বেতন না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে পড়েছেন। পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে। দ্রুত সমস্যার সমাধানে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকাশ আহম্মেদ বলেন, লিথী গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় আড়াই হাজার শ্রমিক-কর্মচারীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান খাত তৈরি পোশাকশিল্পের এ সংকট কাটাতে দ্রুত কার্যকর ও স্থায়ী সমাধান প্রয়োজন।

গাজীপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম. এম. মামুন-অর-রশিদ জানান, শ্রমিকদের বকেয়া বেতন ও পাওনা পরিশোধের বিষয়টি নিয়ে শিগগিরই টঙ্গীতে অধিদপ্তরের কার্যালয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক হবে। ওই বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।
সানা/আপ্র/২/৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই