পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে আলহাজ আব্দুস সাত্তার ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় শ্রীপুরের ওয়াদ্দা দিঘির পাড়ে পৌর ঈদগাহ মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস. এম. রফিকুল ইসলাম বাচ্চু।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নাহিদ ভূঁইয়া, শ্রীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি পীরজাদা এস. এম. রুহুল আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবিরসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং ফাউন্ডেশনের সদস্যরা।
সভাপতির বক্তব্যে আব্দুস সাত্তার ভূঁইয়া বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির তিন হাজার গাছ রোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, এসব গাছ শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে এবং গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে রোপণ করা হবে।
সানা/আপ্র/৩/৭/২০২৬