গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:১৫ পিএম, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ০৭:১৬ এএম ২০২৬
বাক্প্রতিবন্ধী ববি বেগম হত্যায় গ্রেফতার পাঁচ, চলছে জিজ্ঞাসাবাদ
ছবি

বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম -ছবি সংগৃহীত

নরসিংদীর রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে হামলা ও লুটের শিকার হয়ে বাক্প্রতিবন্ধী বৃদ্ধ ববি বেগম নিহত হওয়ার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাঈদ আহমেদ জানান, গ্রেফতার ব্যক্তিরা হলেন সাকিব মিয়া (২৩), ইলিয়াছ মিয়া (৩৫), বিল্লাল মিয়া (২৫), দ্বীন ইসলাম (২৬) ও রিফাত মিয়া (২০)।

তিনি জানান, দ্বীন ইসলাম ও রিফাত মিয়াকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। আর সাকিব, ইলিয়াছ ও বিল্লালকে মেথিকান্দা রেলস্টেশনের আশপাশ এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

রেলওয়ে পুলিশ জানায়, ববি বেগম হত্যার ঘটনায় মামলা হওয়ার পর থেকেই জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছিল। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আসামিদের শনাক্তের চেষ্টা করা হয়।

এরপর ভৈরব রেলওয়ে থানা পুলিশ, নরসিংদীর র‌্যাব-১১ এবং রেলওয়ে গোয়েন্দা শাখার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেন।

গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে ঘুমিয়ে থাকা ববি বেগমের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। তারা তাকে মারধর করে দীর্ঘদিনের জমানো টাকা লুট করে নিয়ে যায়।

হামলায় তার চোখ, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে রাত সোয়া একটার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই যুগ আগে এক দুপুরে মেথিকান্দা রেলস্টেশনে থামা একটি ট্রেন থেকে নেমেছিলেন বাক্প্রতিবন্ধী ববি বেগম। এরপর আর কোথাও যাননি তিনি। স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষই হয়ে উঠেছিল তার আশ্রয়।

কোনো বেতন ছাড়াই তিনি দীর্ঘদিন স্টেশনের প্ল্যাটফর্ম পরিষ্কার, শৌচাগার পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কাজ করতেন। স্টেশন কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা তাকে চিনতেন। অনেকে তাকে খাবার দিতেন, আবার কেউ কেউ ৫ থেকে ১০ টাকা করে সহযোগিতা করতেন। সেই অর্থ খরচ না করে দীর্ঘদিন ধরে জমিয়ে রেখেছিলেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার রাতে দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকে জমানো টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে কিল-ঘুষি ও মারধর করে গুরুতর আহত করে। পরে টাকা নিয়ে পালিয়ে যায়।

ময়নাতদন্ত শেষে বুধবার রাতে ববি বেগমের মরদেহ স্টেশন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে মেথিকান্দা রেলস্টেশনের প্রবেশমুখে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্টেশনসংলগ্ন সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সানা/আপ্র/১০
 

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই