গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘আপনার আগেই ছাত্রদল করেছি’, এসপির বক্তব্যে বিতর্ক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৩২ পিএম, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ২০:১৩ এএম ২০২৬
‘আপনার আগেই ছাত্রদল করেছি’, এসপির বক্তব্যে বিতর্ক
ছবি

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামান -ছবি সংগৃহীত

কুমিল্লার পুলিশ সুপার (এসপি) আনিসুজ্জামানের সঙ্গে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশ সুপার নিজেকে ‘ছাত্রদল করে আসা ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) জাতীয় জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কুমিল্লা মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠু পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, ‘আপনি কুমিল্লায় আসার পর ফ্যাসিস্টরা কুমিল্লায় চলে এসেছে। আপনি তাদের গ্রেফতার করছেন না।’

এ বক্তব্যের পর পুলিশ সুপার আনিসুজ্জামান এর প্রতিবাদ করে বলেন, ‘এটা রাজনৈতিক মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে কথা বলা যায় না। ছাত্রদল আমি নিজেও করেছি। আপনার বহু আগে আমি ঢাকায় ছাত্রদল করে এসেছি। আপনি যখন কোনো সভায় কথা বলবেন, তখন তথ্য নিয়ে কথা বলবেন।’

এরপর ফখরুল ইসলাম মিঠু আবার মাইক নিয়ে বলেন, ‘আমরা যখন আপনাদের তথ্য দিই, তখন আপনারা গ্রেফতার করেন না।’

জবাবে পুলিশ সুপার বলেন, ‘আপনাদের নিজের শত্রুকেই এখন ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন। যাকে আপনাদের পছন্দ হয় না, তাকেই ফ্যাসিস্ট বানিয়ে দিচ্ছেন।’ তিনি বলেন, ‘৫ আগস্টের পর দেশে কোনো পুলিশ ছিল না। এই পুলিশ আবার ঘুরে দাঁড়িয়েছে। এখনো ফ্যাসিস্টদের লোকজন পুলিশে আছে। গত ১৭ বছরে বিভিন্ন বিভাগকে শেষ করে দেওয়া হয়েছে। মাত্র চার মাস এই সরকারের বয়স। সরকারকে সময় দিতে হবে। একটি শিশুও খাওয়া শিখতে ৯ থেকে ১০ মাস সময় নেয়।’

পুলিশ সুপার বলেন, ‘দেশে বিচার কার্যক্রম চলছে। ইতোমধ্যে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ পুলিশের হাবিবের (সাবেক ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান) ফাঁসির রায় হয়েছে। একটু অপেক্ষা করুন। আমি নিজেও ঢাকায় থাকাকালে অনেকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়ে এসেছি।’

এ বিষয়ে ছাত্রদল নেতা ফখরুল ইসলাম মিঠুর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জাতীয় জুলাই শহীদ দিবসের ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক রোজি আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

সানা/কেএমএএ/আপ্র/১৭/৭/২০২৬

সংশ্লিষ্ট খবর

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে
১৪ সেপ্টেম্বর ২০২৬

চুল কাটতে বের হওয়া রায়হান ফিরলো এক পা ও কিডনি হারিয়ে

মাত্র ১০০ টাকা নিয়ে চুল কাটতে বাড়ি থেকে বের হয়েছিল ১২ বছরের শিশু মোহাম্মদ রায়হান। সাত মাস পর যখন বাড়...

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’
১৪ সেপ্টেম্বর ২০২৬

অদ্ভুত দেশ আমাদের! ‘অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর’

ভোলার মতবিনিময় সভায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
১৩ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

একেএম ফজলুল হক, চট্টগ্রাম ব্যুরো: ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই