একেএম ফজলুল হক, চট্টগ্রাম অফিস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাস থেকে উদ্ধার করা প্রায় ১৫ ফুট লম্বা একটি বার্মিজ অজগর গহীন অরণ্যে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি ডোবা থেকে সাপটিকে উদ্ধার করে সোসাইটি ফর স্নেক অ্যান্ড স্নেকবাইট অ্যাওয়ারনেস (থ্রি-এসএ)-এর সদস্যরা।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় প্রথমে অজগরটি দেখতে পান শিক্ষার্থী সাইমন সাকিব। পরে তিনি বিষয়টি থ্রি-এসএর সদস্যদের জানালে উদ্ধারকারী দলের সদস্য মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ মোবারক মিয়া ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করেন।
উদ্ধার করা অজগরটি বার্মিজ প্রজাতির। এর দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট এবং ওজন আনুমানিক ১৪ থেকে ১৫ কেজি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
থ্রি-এসএর সদস্য মোহাম্মদ ইমরান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজগরটি নিরাপদে উদ্ধার করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের গহীন অরণ্যে সেটিকে অবমুক্ত করা হয়েছে।
তিনি বলেন, খাবারের সংকট, পাহাড় কেটে প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে এ ধরনের বন্যপ্রাণী প্রায়ই লোকালয়ে চলে আসে। জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণীর আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সানা/আপ্র/৩০/৭/২০২৬