এস এ খান শিল্টু: ঐতিহাসিক পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ জাবেদ মাসুদ মিল্টন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবেদ মাসুদ মিল্টন বলেন, “পাঁচ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের পথ উন্মুক্ত হয়েছে। ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে যে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে, তা রক্ষা করতে হবে এবং জনগণের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে হবে। পাঁচ আগস্টের চেতনাকে ধারণ করে মেহেরপুরে দিনটি ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালন করা হবে।”
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, “ছাত্র-জনতার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হবে। অতীতের সব বিভেদ ভুলে শহীদদের স্মরণ করতে হবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই বিজয়ের বার্তা সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে হবে।” তিনি সফলভাবে কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সভাপতি প্রভাষক ফয়েজ মোহাম্মদ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু ও সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিউর রহমান।
এ ছাড়া গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা জাসাসের সদস্যসচিব এ বাকা বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমল হোসেন মিন্টু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ জেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় পাঁচ আগস্ট উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় আলোচনা সভা, স্মরণানুষ্ঠান, শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচিসহ নানা আয়োজনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সানা/আপ্র/০১/৮/২০২৬