মো. সাজ্জাদ হোসেন, আশুলিয়া (ঢাকা): “বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও যুবদল নেতা মো. আমিনুল ইসলাম দুলাল হোসেন মীরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে “পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” জাতীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রমের ধারাবাহিকতায় এ কর্মসূচি পালন করা হয়।
ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. মো. সালাউদ্দিন বাবুর নির্দেশনায় “গ্রিন সাভার, ক্লিন সাভার” স্লোগানকে সামনে রেখে ইয়ারপুর ইউনিয়নের দিয়াখালিসহ বিভিন্ন এলাকায় প্রায় দুই শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহসানউল্লাহ ভূঁইয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মো. সেলিম, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রনি দেওয়ানসহ স্থানীয় নেতাকর্মী মামুন, মাসুম মীর ও অন্যান্যরা।
আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, এসব গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যেই জনসচেতনতা তৈরির পাশাপাশি বৃক্ষ রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সানা/আপ্র/২/৮/২০২৬