সাগরপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়ে আটকেপড়া আরো ১৭৪ বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী দেশে ফিরেছেন। ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে মঙ্গলবার সকালে তাঁরা ঢাকায় পৌঁছান বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় তাঁদের প্রত্যাবাসনের ব্যবস্থা করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশে ফেরা বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন বলে জানা গেছে। তাঁদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে।
প্রত্যাবাসিত বাংলাদেশি নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে দেশে ফেরা ব্যক্তিদের পথখরচ, খাবার ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রয়োজনে তাঁদের অস্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করা হয়।
সানা/ডিসি/আপ্র/২৭/১০/২০২৬