দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৫ হাজার ৪৮১ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস। শনিবার সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দামের তথ্য জানানো হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকেও সোনার দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ৬৩৩ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়। ফলে দুই দিনে এই মানের সোনার গহনার দাম প্রতি ভরিতে কমেছে মোট ৭ হাজার ১১৪ টাকা।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম কমিয়ে ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা করা হয়েছে।
এর আগের দফায় শুক্রবার সকাল ১০টা থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দাম কার্যকর ছিল।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১৭৫ টাকা কমিয়ে ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ১১৬ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার গহনার দাম ৫৮ টাকা কমিয়ে ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এক ভরি সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এসি/আপ্র/৩১/১০/২০২৬