গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

মেনু

রাজস্ব ঘাটতিতে চাপে পড়ছে সামষ্টিক অর্থনীতি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৩ পিএম, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ০৫:১৬ এএম ২০২৬
রাজস্ব ঘাটতিতে চাপে পড়ছে সামষ্টিক অর্থনীতি
ছবি

প্রতীকী ছবি

চলতি ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অনুযায়ী অগ্রসর না হওয়ায় সামষ্টিক অর্থনীতিতে চাপ বাড়ছে। উচ্চ সুদহার, বিনিয়োগে স্থবিরতা, আমদানি হ্রাস এবং দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতির প্রভাবে অর্থনৈতিক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে রাজস্ব আহরণে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা যায়, জুলাই-ফেব্রুয়ারি সময়ে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৭১ হাজার ৪৭২ কোটি টাকা। এ সময়ে লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি টাকা, বিপরীতে আদায় হয়েছে ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা—অর্থাৎ প্রায় ২২ শতাংশ ঘাটতি রয়ে গেছে।

অর্থবছরের বাকি চার মাসে লক্ষ্যমাত্রা অর্জনে প্রায় ৩ লাখ কোটি টাকা সংগ্রহের বড় চাপ রয়েছে। এজন্য প্রতি মাসে গড়ে ৭৫ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় প্রয়োজন হলেও এখন পর্যন্ত কোনো মাসেই ৪০ হাজার কোটি টাকার সীমা অতিক্রম করা যায়নি। ফলে নির্ধারিত লক্ষ্য পূরণ অনিশ্চিত হয়ে পড়েছে।

রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি প্রায় ১২ শতাংশ হলেও তা লক্ষ্যমাত্রার তুলনায় অপর্যাপ্ত। আয়কর, ভ্যাট ও আমদানি শুল্ক—প্রধান তিন খাতের কোনোটিই নির্ধারিত লক্ষ্য পূরণ করতে পারেনি; এর মধ্যে আয়কর খাতেই ঘাটতি সবচেয়ে বেশি।

করদাতাদের অংশগ্রহণও সন্তোষজনক নয়। প্রায় ১ কোটি ২৮ লাখ টিআইএনধারীর মধ্যে মাত্র ৪৬ লাখ রিটার্ন দাখিল করেছেন, যা মোটের এক-তৃতীয়াংশেরও কম। এনবিআর সূত্রে জানা গেছে, মোট টিআইএনধারীর প্রায় ৬৪ শতাংশই এখনও রিটার্ন জমা দেননি, যদিও সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছিল।

বিশেষজ্ঞরা বলছেন, করভিত্তি সম্প্রসারণ এবং করজাল বিস্তারের মাধ্যমে এই ঘাটতি কাটিয়ে ওঠা সম্ভব। সেন্টার ফর পলিসি ডায়ালগ-এর সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান মনে করেন, প্রত্যক্ষ কর ব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি কর প্রশাসনে ডিজিটালাইজেশন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানিয়েছেন, করের হার বৃদ্ধি নয়; বরং কর ফাঁকি রোধ, করছাড় কমানো এবং প্রশাসনিক দক্ষতা বাড়ানোর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আয়কর, ভ্যাট ও শুল্ক খাতে পৃথক টাস্কফোর্স কাজ করছে।

সংশ্লিষ্টদের মতে, রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থতা সরকারের আয়-ব্যয়ের ভারসাম্যে নেতিবাচক প্রভাব ফেলছে। অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে পরিচালন ব্যয় (৪ লাখ ৭৪ হাজার ১৪৩ কোটি টাকা) রাজস্ব আয়ের (৪ লাখ ৪৩ হাজার ৫৭১ কোটি টাকা) চেয়ে বেশি ছিল। চলতি অর্থবছরেও একই প্রবণতা অব্যাহত রয়েছে, ফলে উন্নয়ন ব্যয় কমিয়ে পরিচালন খাতে অর্থ স্থানান্তরের প্রয়োজন দেখা দিয়েছে।

ড. মো. দীন ইসলাম বলেন, রাজস্ব আহরণ প্রত্যাশা অনুযায়ী না বাড়লে সরকারকে ঘাটতি মেটাতে ঋণের ওপর নির্ভর করতে হয়, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ। এতে সুদ পরিশোধের চাপও বাড়ে।

এদিকে বৈদেশিক ঋণ পরিশোধ বেড়ে প্রায় ২ দশমিক ৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ঘাটতি সামাল দিতে উন্নয়ন ব্যয় সংকোচনের ফলে অর্থনীতির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ মনে করেন, বর্তমান কর কাঠামো এখনো অনেকাংশে পরোক্ষ করনির্ভর। আয়করভিত্তি সম্প্রসারণ ছাড়া টেকসই রাজস্ব প্রবৃদ্ধি সম্ভব নয়। তিনি কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থা এবং কর প্রদানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সার্বিকভাবে বিশেষজ্ঞদের অভিমত, উচ্চ সুদহার, বিনিয়োগে স্থবিরতা এবং রাজস্ব ঘাটতি—এই তিনের সমন্বয়ে অর্থনীতিতে একটি নেতিবাচক চক্র তৈরি হয়েছে, যা দ্রুত ভাঙা না গেলে সামষ্টিক স্থিতিশীলতা আরও ঝুঁকির মুখে পড়তে পারে।
সানা/আপ্র/১৬/৪/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া
২৮ জুলাই ২০২৬

কম দামে ইউরিয়া সার দিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ...

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা
২৮ জুলাই ২০২৬

সরবরাহ সংকটে কাঁচামরিচের দাম প্রায় ৩০০ টাকা

সরবরাহ কমে যাওয়ায় বগুড়ার কাঁচামরিচের বাজারে আবারো ঊর্ধ্বমুখী দাম দেখা দিয়েছে। মাত্র এক দিনের ব্যবধান...

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন
২৮ জুলাই ২০২৬

৫ বছরে খাদ্য মজুত সক্ষমতা হবে ৩৪ লাখ টন

দেশে সরকারি খাদ্যশস্যের মজুত নিরাপদ সীমার অনেক ওপরে রয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ বছরের মধ্যে সরকারি খ...

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়
২৬ জুলাই ২০২৬

ঘরে বসেই অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার উপায়

নতুন করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগের বছরের মতো এবারও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই