চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আবা পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এসব পরীক্ষা আয়োজন এবং ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশের কার্যক্রম আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।
এর আগে শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ঘোষিত ফল অনুযায়ী, এ বছর পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।
ফলাফলে মোট ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তাদের মধ্যে এক বিষয়ে অকৃতকার্য ২ লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে অকৃতকার্য ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন।
ফল প্রকাশের দিনই এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার কথা জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জন শিক্ষার্থীর পুনঃপরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য একই শিক্ষাবর্ষে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ তৈরি হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা ও ফল প্রকাশের কার্যক্রম শেষ করার পরিকল্পনা জানিয়েছে শিক্ষা বোর্ড।
এসি/আপ্র/০২/১১/২০২৬