ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সম্প্রতি একটি অনুষ্ঠানে কালো পোশাকে হাজির হন। সেখানে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন আলোকচিত্রী। তার ছবি ও ভিডিও ধারণের ব্যস্ততার মধ্যেই ঘটে একটি দুর্ঘটনা। ছবি তুলতে গিয়ে সিঁড়িতে হঠাৎ পড়ে যান তাঁদের একজন।
আকস্মিক ঘটনায় কিছুটা হতভম্ব হয়ে পড়লেও বিষয়টি নজরে আসতেই এগিয়ে যান শ্রাবন্তী। তিনি ওই আলোকচিত্রীর দিকে হাত বাড়িয়ে তাঁকে টেনে তোলেন এবং স্বাভাবিকভাবে দাঁড়াতে সাহায্য করেন। ঘটনার মুহূর্তটি একটি ভিডিওতে ধরা পড়ে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে অভিনেত্রীর প্রশংসা করছেন অনেকে।
তারকাদের ছবি তুলতে গিয়ে আলোকচিত্রীদের এমন দুর্ঘটনা নতুন নয়। তবে শ্রাবন্তীর তাৎক্ষণিক সহযোগিতার বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে নেটিজেনদের।
শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করেন শ্রাবন্তী। দীর্ঘদিন ধরে বাংলা চলচ্চিত্রে কাজ করছেন তিনি। ব্যক্তিগত জীবনে নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও অভিনয় নিয়ে ব্যস্ত থেকেছেন এই অভিনেত্রী।
২০২৫ সালে মুক্তি পাওয়া ‘দেবী চৌধুরানী’ ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পান শ্রাবন্তী। সম্প্রতি জিতু কমলের সঙ্গে ‘এরাও মানুষ’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। ছবিটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসি/আপ্র/০২/১১/২০২৬