বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের অপেক্ষা দীর্ঘদিনের।
এবার সেই অপেক্ষা নিয়ে নতুন খবর দিলেন অভিনেতা আমির খান। জানিয়েছেন, সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি। কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার কথা রয়েছে তার। সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন আমির।
সেখানে তাকে দেওয়া হয় ‘স্ক্রিন আইকন’ পুরস্কার। অনুষ্ঠানে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করা হলে আমির জানান, চিত্রনাট্য তৈরির কাজ চলছে। তবে সিনেমাটির শুটিং কবে শুরু হবে বা কবে মুক্তি পাবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পায় ২০০৯ সালের ২৪ ডিসেম্বর। এতে আমিরের সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান, আর মাধবন ও শারমান যোশি। প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থীর বন্ধুত্ব, পড়াশোনার চাপ ও প্রত্যাশার গল্প নিয়ে তৈরি সিনেমাটি ওই বছরের সর্বোচ্চ আয় করা বলিউড সিনেমা হয়ে ওঠে।
সিনেমাটি তৈরিতে খরচ হয়েছিল ৫৫ কোটি রুপি। এর আগে রাজকুমার হিরানির সঙ্গে ‘পিকে’ সিনেমাতেও কাজ করেছেন আমির। ২০১৪ সালে মুক্তি পাওয়া সেই সিনেমাটিও বক্স অফিসে সফল হয়েছিল।
ডিসি/আপ্র/২৪/১০/২০২৬