মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ: রংপুরের বদরগঞ্জে ১৩ নম্বর রেলওয়ে কোচিং এলাকায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ যাত্রী ও স্থানীয়দের একাংশ ট্রেনের চালক ও গার্ডকে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি ১৩ নম্বর রেলওয়ে কোচিং এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ট্রেনটির একাধিক বগি লাইনচ্যুত হয়। আকস্মিক এ ঘটনায় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার ধাক্কা এবং আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
দুর্ঘটনার পর ট্রেনের দায়িত্বে থাকা চালক ও গার্ডের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠেন কয়েকজন যাত্রী ও স্থানীয় ব্যক্তি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাঁদের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।
খবর পেয়ে স্থানীয় থানা-পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় আহত রেলকর্মীদের উদ্ধার করা হয়।
দুর্ঘটনার কারণ এবং লাইনচ্যুত বগিগুলো সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।
সানা/আপ্র/২৪/১০/২০২৬