সাবেক সংসদ সদস্য, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ শফিকুর রহমান মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বনানীর বাসা থেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন তাঁর ভাতিজা আদনান হাবীব।
তিনি বলেন, “দুপুরে ইউনাইটেড হাসপাতালে একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল। উনি প্রস্তুত হয়ে আমাকে গাড়ি বের করতে বললেন। তখন তিনি বাথরুমে যান। ১০ মিনিট ধরে বের না হলে বাথরুম ভেঙে দেখা যায় উনি উপুড় হয়ে পড়ে আছেন।”
তিনি আরো বলেন, “পরে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”
শফিকুর রহমানের বাড়ি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা গ্রামে। চাঁদপুর-৪ আসনে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হিসেবে দুইবার এবং সাধারণ সম্পাদক হিসেবেও দুইবার দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা করেছেন শফিকুর রহমান। পরে রাজনীতিতে যুক্ত হন। পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে তাঁর।
প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে শোক জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর। শোকবার্তায় তিনি বলেন, শফিকুর রহমানের প্রয়াণে উপমহাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এক মহান ব্যক্তিত্বকে হারালো। তাঁর সঙ্গে বিশেষ সখ্যতার কথা উল্লেখ করে স্নেহাশিস সুর বলেন, শফিকুর তাঁকে অত্যন্ত স্নেহ করতেন। কলকাতা প্রেস ক্লাব প্রকাশিত ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও কলকাতার সাংবাদিকরা’ বইটির বাংলাদেশ সংস্করণও তিনি প্রকাশ করেন।
সানা/আপ্র/২৪/১০/২০২৬