কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। তবে এখনো তাকে শনাক্ত করা যায়নি। ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় এসে এক ব্যক্তি গুলি চালিয়ে আবারো ওই অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান বলে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজারে এ ঘটনা ঘটে। তখন আসিফ আকবর বিশাল সেন্টারের তিনতলায় নিজের স্টুডিওতে ছিলেন। গাড়ির কাছেও চালক ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বলেন, “ঘটনার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা বিশাল সেন্টারের সামনে এসে থামে। সেখান থেকে একজন নেমে এসে আসিফ আকবরের গাড়িতে গুলি করে আবার অটোরিকশায় উঠে মালিবাগের দিকে চলে যান। তবে অটোরিকশায় আরো কেউ বসা ছিল কিনা সে বিষয়টি তদন্তে বেরিয়ে আসবে।”
চালকের আসনের বরাবর পেছনের আসন লক্ষ্য করে গুলি করা হয় জানিয়ে তিনি বলেন, “গুলি এক রাউন্ড করা হয়েছিল। গুলিতে গ্লাস ভেঙে যায়।”
পুলিশের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টার দিকে আসিফ আকবর তাঁর স্টুডিওতে আসেন। সেখানে তাঁর কয়েকজন বন্ধুও ছিলেন। বন্ধুরা রাত ৩টার দিকে চলে যান।
শনিবার সকালে গুলির শব্দ শুনে কাছাকাছি থাকা এক নিরাপত্তাকর্মী ছুটে এসে গাড়িতে গুলির চিহ্ন দেখতে পান। পরে তিনি আসিফ আকবরকে বিষয়টি জানান। এরপর আসিফ আকবর নিচে নেমে পরিস্থিতি দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর দেন।
উপকমিশনার ইবনে মিজান বলেন, খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসিফ আকবরের সঙ্গে কথা বলে। তবে তিনি কাউকে সন্দেহ করছেন না এবং তাঁর কোনো অভিযোগ নেই বলে ঘটনাস্থলে যাওয়া পুলিশকে জানান।
তিনি বলেন, “তারপরেও আমরা চেষ্টা করছি। ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। একটি ফুটেজ পাওয়া গেছে, যেখানে হামলাকারীর শুধু পা দেখা গেছে। এই ফুটেজের সূত্র ধরে আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে কাজ করছি।”
আসিফ আকবরের সঙ্গে তাঁর অফিসের কারো বিরোধ আছে কি না, তাঁর বৈধ অস্ত্র আছে কি না কিংবা না থাকলে নতুন করে অস্ত্রের আবেদন করেছেন কি না, কুমিল্লায় স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা আছে কি না এবং তাঁর সঙ্গে কারো রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে কি না- এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
হাতিরঝিল থানার ওসি আসাদুজ্জামান বলেন, “ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এটি পিস্তলের গুলির খোসা। তবে কি মডেলের গুলি, সেটি ফরেনসিক প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত গাড়িটি আসিফ আকবরের কাছে থাকলেও সেটি পুলিশের নজরদারিতে রয়েছে। গাড়িটি আরো তল্লাশি করা হবে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬