অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে সামগ্রিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেছেন, কোনো রাজনৈতিক দল ঠিক করে দেবে না কে রাজনীতি করবে, আর কে করবে না। এ সিদ্ধান্ত নেবে জনগণ।
শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে জাতীয় পার্টির কার্যালয়ে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে সাবেক এ মন্ত্রী এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আনিসুল ইসলাম মাহমুদ বলেন, “দেশের বর্তমান পরিস্থিতিতে অর্থনৈতিক সংকট মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সরকারকে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির পরিবেশ সৃষ্টি করতে হবে।”
রাজনীতিতে কোনো দলকে বাদ দেওয়ার পরিণতি তুলে ধরে তিনি বলেন, “একসময় জামায়াতকে বাদ দিয়ে রাজনীতি করার চেষ্টা করা হয়েছিল, সেটার ফল কী হয়েছে জাতি দেখেছে। তাই কাউকে বাদ দিয়ে রাজনীতি করার সুযোগ নেই। কোনো দল নির্ধারণ করবে না কে রাজনীতি করবে, আর কে করবে না। নির্ধারণ করবে জনগণ।”
হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে প্রবর্তিত উপজেলা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে প্রতি বছর ২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করে তাঁর প্রতিষ্ঠিত জাতীয় পার্টি।
দলটি বর্তমানে কয়েকটি অংশে বিভক্ত। এর মধ্যে একটি অংশের নেতৃত্বে রয়েছেন আনিসুল ইসলাম মাহমুদ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির এ অংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন দলটির সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মো. মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা ও সুনীল শুভরায়।
সানা/আপ্র/২৪/১০/২০২৬