‘যে কোনো নারীর পাশে দাঁড়াব, প্রয়োজনে হাজারবার। এজন্য কেউ আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেও বা অপমান করলেও নিজের নীতি থেকে সরে আসব না।’
শুক্রবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেছেন অভিনেত্রী অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
পোস্টে তিনি বলেন, কোনো নারীর সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হলেও তার প্রতি অসম্মান, হয়রানি কিংবা তাকে অনিরাপদ বোধ করানোর অধিকার কারও নেই। কোনো নারীর আচরণ বা ব্যক্তিগত সিদ্ধান্ত তার নিজের ও সৃষ্টিকর্তার মধ্যকার বিষয়। এর কারণে তার মর্যাদা নিয়ে প্রশ্ন তোলা যায় না।
তিনি আরো বলেন, নারীর পাশে দাঁড়ানো মানে তার সব কাজকে অন্ধভাবে সমর্থন করা নয়; বরং অসম্মান ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়া।
সাংবাদিককে ঘিরে ওঠা একটি অভিযোগের বিষয়ে পোস্টে তিনি জানান, ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে কথা বলে তার ধারণা হয়েছে, সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগটি সত্য নাও হতে পারে। এ ঘটনায় ওই সাংবাদিকের ভোগান্তির জন্য তিনি সহমর্মিতাও প্রকাশ করেন।
এছাড়া যে ঘটনার জন্য তাকে দায়ী করা হচ্ছে, সেটির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি। পোস্টে তিনি বলেন, অন্যের অভিযোগ বা বিচার তার অপরাধী হওয়ার প্রমাণ নয়।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, নারীর মর্যাদা রক্ষায় পাশে দাঁড়ানোর কারণে অপমানিত হওয়াকে তিনি এমন মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে ভালো মনে করেন, যারা নারীর সম্মান নিয়ে সিদ্ধান্ত দেওয়ার অধিকার নিজেদের বলে মনে করেন।
এসি/আপ্র/০৭/১১/২০২৬