ধর্মের নামে ব্যবসা ও রাজনীতির নামে ভণ্ডামির সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন মেঘনা আলম। দেশের সংস্কার, মানুষের মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা জানিয়ে বিতর্কিত সংসদ সদস্যদের নিয়েও মন্তব্য করেছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে আমির হামজা ও গাজী নজরুল ইসলামের মতো বিতর্কিত নেতাদের প্রসঙ্গ টেনে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন মেঘনা আলম। তিনি লেখেন, ‘মেঘনা আলম এমপি হলে যোগ্যতা কম পড়বে, তাই মানুষ আমির হামজা, গাজী নজরুলদের এমপি বানিয়েছে। আমি তো ভালা না, ভালা লইয়াই থাকো।’
এরপর দেওয়া আরেকটি পোস্টে ধর্মের নামে ব্যবসা এবং রাজনীতির নামে ভণ্ডামির সমালোচনা করেন তিনি। সেখানে কিছু ব্যক্তির বক্তব্য ও আচরণ নিয়েও প্রশ্ন তোলেন। তবে কারও নাম উল্লেখ করেননি মেঘনা।
দেশের সংস্কার নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়ে তিনি লেখেন, ‘এই দেশের সংস্কার করতে চাই, পারব কি না জানি না। তবে চেষ্টা করতে চাই। কারণ এমন একটা দেশ চাই, যেখানে ধর্মের নামে ব্যবসা নয়, রাজনীতির নামে ভণ্ডামি নয়; মানুষের মর্যাদা, ন্যায়বিচার ও মানবিকতাই হবে সবচেয়ে বড় পরিচয়।’
মেঘনা আলমের এসব পোস্টে দেশের রাজনীতি, সংসদ সদস্যদের ভূমিকা এবং সামাজিক মূল্যবোধ নিয়ে তাঁর অসন্তোষ ও প্রত্যাশার বিষয়টি উঠে এসেছে।
এসি/আপ্র/০৯/১১/২০২৬