ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে নতুন কৌতূহল তৈরি হয়েছে। দীর্ঘদিন নীরব থাকার পর আজই সবকিছু প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন তিনি। তবে কী বিষয়ে কথা বলতে যাচ্ছেন, সে সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি এই অভিনেত্রী।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে চমক লেখেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনবো। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’
কোন বিষয় নিয়ে তিনি নীরবতা ভাঙতে যাচ্ছেন, তা স্পষ্ট করেননি চমক। এ বিষয়ে খোঁজ নিয়েও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ ধারণা করছেন, নিজের সংসার নিয়ে কথা বলতে পারেন তিনি। আবার অনেকে তাঁকে পরামর্শ দিচ্ছেন, যে বিষয়ই হোক, তা যেন স্পষ্টভাবে প্রকাশ করেন।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন তিনি। ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন। ‘হাউস নম্বর ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে ছোট পর্দায় নিজের অবস্থান তৈরি করেছেন।
অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন চমক। সম্প্রতি দ্বিতীয়বারের মতো কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপার গানের ভিডিওতে মডেল হয়েছেন তিনি। ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর ভিডিওতে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নার সাজে নতুন লুকে দেখা গেছে তাঁকে।
এ ছাড়া ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অংশগ্রহণের কারণে আন্দোলনকারীদের অনেকের কাছে পরিচিতি পান চমক। তাঁকে ভালোবেসে তাঁদের কেউ কেউ ‘জেনারেল’ উপাধিও দিয়েছেন।
এসি/আপ্র/০৯/১১/২০২৬