বিয়ে মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি শুধু নারী-পুরুষের বৈধ সম্পর্কের বন্ধন নয়; বরং পরিবার গঠন, ভালোবাসা ও দায়িত্ব ভাগ করে নেওয়া, পারস্পরিক বিশ্বাস বজায় রাখা এবং পরবর্তী প্রজন্ম গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
তবে সমসাময়িক সমাজে বিয়ে বা বৈবাহিক সম্পর্কের প্রতি তরুণ প্রজন্মের, বিশেষ করে পুরুষদের অনীহা ক্রমেই আলোচনায় আসছে। এ প্রবণতা শুধু নির্দিষ্ট কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয়। অনেক পুরুষ আর্থিকভাবে স্বচ্ছল হওয়ার পরও বিয়ের সিদ্ধান্ত নিতে দ্বিধা করেন, এমনকি ভয়ও পান। এর পেছনে রয়েছে নানা সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক কারণ।
বিয়েতে অনীহার ছয়টি প্রধান কারণ
১. দায়িত্ব পালনের চাপ
অনেক পুরুষের মনে শঙ্কা থাকে, বিয়ের পর একই সঙ্গে দায়িত্বশীল সন্তান ও সহায়তাকারী স্বামী—দুই ভূমিকাই তাঁরা ঠিকভাবে পালন করতে পারবেন কি না। জীবনসঙ্গী ও বাবা-মায়ের প্রত্যাশা পূরণের চাপ তাঁদের দুশ্চিন্তায় ফেলে। বিয়ের আগে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা ও পারস্পরিক বোঝাপড়া তৈরি হলে যৌথভাবে সমস্যা সমাধান করা সহজ হয়।
২. অর্থনৈতিক অনিশ্চয়তা
বিয়েতে অনীহার অন্যতম বড় কারণ অর্থনৈতিক চাপ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আবাসনসংকট, বেকারত্ব এবং আয়ের অনিশ্চয়তা অনেক পুরুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করে। বিয়ের সঙ্গে সংসার পরিচালনা, আর্থিক দায়িত্ব ও পরিবারের ভরণপোষণের বিষয়গুলো জড়িত। তাই নিজের পায়ে পুরোপুরি দাঁড়ানোর আগে বাড়তি আর্থিক দায়িত্ব নিতে চান না অনেকে।
এ ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে আয়-ব্যয় নিয়ে স্বচ্ছ থাকা, যৌথভাবে বাজেট তৈরি করা এবং আর্থিক দায়িত্ব ভাগ করে নেওয়া দুশ্চিন্তা কমাতে পারে।
৩. ব্যক্তিগত স্বাধীনতা হারানোর ভয়
অনেক পুরুষ মনে করেন, বিয়ে করলে তাঁদের ব্যক্তিগত স্বাধীনতা সীমিত হয়ে যাবে। বিয়ের পর নিজের শখ, শরীরচর্চার জন্য সময় কিংবা বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ কমে যাওয়ার আশঙ্কা তাঁদের মধ্যে কাজ করে। তবে সুস্থ সম্পর্কের অন্যতম ভিত্তি হলো ব্যক্তিগত পরিসরের প্রতি শ্রদ্ধা। শুরু থেকেই পারস্পরিক সীমারেখা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করলে এ ধরনের সমস্যা এড়ানো সম্ভব।
৪. মতের অমিল ও সম্পর্কের জটিলতা
দুটি ভিন্ন মানুষ এক ছাদের নিচে বসবাস শুরু করলে মতের অমিল হওয়া স্বাভাবিক। জীবনযাপন, চিন্তাভাবনা, অভ্যাস ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পার্থক্য দেখা দিতে পারে। অনেক পুরুষ এসব মতবিরোধ থেকে ভবিষ্যতে সম্পর্কের জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা করেন। তবে কোনো সম্পর্কই নিখুঁত নয়। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও বোঝাপড়া থাকলে মতের অমিল সামাল দেওয়া সম্ভব।
৫. জীবনসঙ্গী ও বাবা-মায়ের মধ্যে ভারসাম্য রাখার দুশ্চিন্তা
বিয়ের পর পারিবারিক বিরোধের পরিস্থিতিতে জীবনসঙ্গী ও বাবা-মায়ের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা অনেক পুরুষকে উদ্বিগ্ন করে। দুই পক্ষের প্রত্যাশা ও আবেগের মধ্যে ভারসাম্য বজায় রাখা তাঁদের কাছে কঠিন মনে হতে পারে। এ ক্ষেত্রে উভয় পক্ষকে গুরুত্ব দেওয়া, নিরপেক্ষ থাকা এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি।
৬. দুটি পরিবারের মানসিকতার পার্থক্য
বিয়ে শুধু দুজন মানুষের সম্পর্ক নয়; এর সঙ্গে দুটি পরিবার ও তাদের ভিন্ন মানসিকতা, সংস্কৃতি এবং প্রত্যাশাও যুক্ত হয়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, পারিবারিক সম্পর্ক বজায় রাখা এবং দুই পরিবারের মধ্যে সমন্বয় তৈরি করা নিয়ে অনেকের মনে সংশয় থাকে। জীবনসঙ্গী ও পরিবারের সদস্যদের সঙ্গে আগে থেকেই খোলামেলা আলোচনা করলে এসব সংশয় অনেকটাই দূর হতে পারে এবং বিয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ হয়।
এসি/আপ্র/০৯/১১/২০২৬