গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মেনু

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:১৫ এএম ২০২৬
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
ছবি

ছবি সংগৃহীত

রাজধানী ঢাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা থেকে সোমবার দিবাগত রাত পর্যন্ত মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও বিশেষ শাখার (এসবি) প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ভাটারা, উত্তরা পূর্ব, তেজগাঁও শিল্পাঞ্চল, শেরেবাংলা নগর ও খিলক্ষেতসহ বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে। একই দিন সন্ধ্যায় ভাটারায় একটি স্কুলবাসেও আগুন দেয় দুর্বৃত্তরা। এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও এসবির প্রধান কার্যালয়ের পার্কিং এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের ছোড়া ককটেলটি কার্যালয় প্রাঙ্গণে পার্কিং করে রাখা একটি গাড়ির বনেটের ওপর পড়ে বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হননি।

ঘটনার পর সিআইডির অপরাধস্থল তদন্ত ইউনিটের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। সেখানে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সিআইডি ও এসবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হন।

এদিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অন্তত নয়টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। টিএসসি, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে, প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর এবং নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জগন্নাথ হলের কাছাকাছি, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।

পুলিশের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশনের নিচ থেকে তিনজনকে আটক করা হয়। ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। আটক ব্যক্তিরা হলেন রেজাউল করিম (৪২), সোহেল রানা (৩৩) ও নাজমুস সাদ (৩৩)। রেজাউল করিমের বাড়ি নাটোরের গুরুদাসপুরে, সোহেল রানার রাজশাহীর পুঠিয়ায় এবং নাজমুস সাদের গোপালগঞ্জের কোটালীপাড়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। পরে প্রশাসনিক ভবনের পাশ, উপাচার্য চত্বর এবং নীলক্ষেতসংলগ্ন মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

রাত ১০টা ১০ মিনিটের দিকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়। রাত ১২টা ২০ মিনিটের দিকে কমলাপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেন।

রাজধানীর ভাটারা, উত্তরা পূর্ব ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এ ছাড়া ভাটারায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চলে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে।

রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানান, রাত সাড়ে ১০টার পর বিশ্ববিদ্যালয়ের সামনে বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে স্থানীয় লোকজন সেখানে ধোঁয়া উঠতে দেখেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর আগে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ভাটারা থানার ১০০ ফুট এলাকার অনন্ত টাওয়ারের সামনে দাঁড়িয়ে থাকা জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হননি বলে জানান ওসি।

রাত পৌনে ১২টার দিকে উত্তরা পূর্ব থানা এলাকায় পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মামুন। তিনি জানান, দুর্বৃত্তরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে কেউ হতাহত হননি। এ ঘটনার একটি ভিডিওতে মোটরসাইকেলে করে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের দৃশ্য দেখা যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ১টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি জানান, রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি।

এ ছাড়া রাজধানীর ক্যান্টনমেন্ট, শেরেবাংলা নগর ও খিলক্ষেত থানা এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে, শেরেবাংলা নগরের পান্থপথে এবং খিলক্ষেত থানার পাশে এসব বিস্ফোরণ ঘটে। পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাটিকাটা এলাকায় বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার জাহান। তিনি জানান, রাত আনুমানিক ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে মাটিকাটা এলাকার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে কেউ হতাহত হননি।

শেরেবাংলা নগর থানার পান্থপথ এলাকায় রাত সাড়ে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত ২টা ১৮ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) জুবায়ের হোসেন। তিনি জানান, রাত সাড়ে ১১টার পর পান্থপথ এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কেউ হতাহত হননি।

অন্যদিকে খিলক্ষেত থানার পাশেও ককটেল বিস্ফোরণ ঘটে। রাত ২টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) সোহেল আহমেদ। তিনি জানান, রাত সাড়ে ৮টার দিকে খিলক্ষেত থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে থানার কাছেই বিস্ফোরণটি ঘটে। এতে কেউ আহত বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, খিলক্ষেত থানার সামনের সড়কে মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল চালিয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এসি/আপ্র/০৯/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ
০৯ নভেম্বর ২০২৬

ডিসেম্বরে টানা ৪ দিনের লম্বা ছুটির সুযোগ

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে চাকরিজীবীদের সামনে আসছে টানা চারদিনের লম্বা ছুটি কাটানোর দারুণ সুযোগ। ক...

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদন স্বাভাবিক
০৯ নভেম্বর ২০২৬

পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য, উৎপাদন স্বাভাবিক

শ্রমিকদের কাজে ফেরার মধ্য দিয়ে দেশের তৈরি পোশাকশিল্প অধ্যুষিত শিল্পাঞ্চলগুলোতে আবারও কর্মচাঞ্চল্য ফি...

বাড্ডায় বাসার পরিত্যক্ত রান্নাঘরে প্রহরীর ঝুলন্ত মরদেহ
০৯ নভেম্বর ২০২৬

বাড্ডায় বাসার পরিত্যক্ত রান্নাঘরে প্রহরীর ঝুলন্ত মরদেহ

রাজধানীর বাড্ডা এলাকা থেকে এম এম বিল্লাল হুসেন (৩৭) নামে এক নিরাপত্তা প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কর...

সরকারের সাফল্যে দক্ষ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী
০৯ নভেম্বর ২০২৬

সরকারের সাফল্যে দক্ষ ও মানবিক প্রশাসন জরুরি: প্রধানমন্ত্রী

জনপ্রশাসনকে নাগরিকবান্ধব করতে কর্মকর্তাদের ইতিবাচক মানসিকতা, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে দায়িত্ব পাল...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

গণহত্যাকারীদের আর রাজনীতি করতে দেবে না জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গণহত্যা, হত্যাকাণ্ড ও আলেম-ওলামাদের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত ফ্যাসিবাদী শক্তিকে জনগণ আর রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া এবং এখনো নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুশোচনা প্রকাশ না করা ব্যক্তিরা বাংলাদেশে ফিরে রাজনীতি করতে পারবেন না। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসার ১০৪তম বার্ষিক দ্বীনি মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্রীর এই বক্তব্য সঠিক বলে মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে