খুলনা নগরীতে মেয়ের জন্য খাবার কিনতে গিয়ে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন মশিউর রহমান (৫৯) নামে এক ব্যক্তি। তিনি রূপসা উপজেলা শিক্ষা কার্যালয়ের হিসাবরক্ষক।
রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে তিনি মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তিরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে লক্ষ্যভ্রষ্ট গুলিটি তাঁর বাম পাঁজরের নিচে লাগে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন বলেন, “কারা কী উদ্দেশ্যে গুলি করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।”
খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, আহত ব্যক্তি হাসপাতালে রয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
তিনি বলেন, কারা, কী কারণে এবং কাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সানা/আপ্র/৯/১১/২০২৬